Newsbazar24 Desk:: মালদার ফুটবল মহলে একসঙ্গে জোড়া সাফল্য । একদিকে মালদা ডিএসএর এ ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়নের মুকুট উঠল কালীতলা ক্লাবের মাথায়, অন্যদিকে অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবলে বাংলাকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে জেলার মুখ উজ্জ্বল করল মালদার মেয়ে সুদীপ্তা মণ্ডল।
মালদা ডিএসএর পরিচালনায় ৫ অক্টোবর ডিএসএ মাঠে অনুষ্ঠিত হয় এ ডিভিশন ফুটবলের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় কালীতলা ক্লাব ও বাগসোরাই ইউনাইটেড। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। তবে শেষ পর্যন্ত বাজিমাত করে কালীতলা ক্লাব। ২-০ গোলে বাগসোরাই ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। কালীতলার হয়ে গোল করেন অজয় জমাদার ও সঞ্জয় মার্ডি। ম্যাচ ঘিরে ডিএসএ মাঠে ছিল ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মালদা ডিএসএর সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উৎসবের আবহ তৈরি হয় কালীতলা ক্লাবের শিবিরে।
এরই পাশাপাশি জাতীয় স্তরেও মালদার ফুটবলে এল গর্বের মুহূর্ত। অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় মণিপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা দল। সেই জয়যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখে মালদার মেয়ে সুদীপ্তা। ফাইনালে বাংলার হয়ে গোল করে দলের শিরোপা জয়ে নিজের ভূমিকা আরও উজ্জ্বল করে সে।
জাতীয় মঞ্চে বাংলার জার্সিতে মালদার এই প্রতিভাবান ফুটবলারের সাফল্যে গর্বিত জেলার ক্রীড়ামহল। তার কৃতিত্বকে সম্মান জানিয়ে মঙ্গলবার মালদা ডিএসএর পক্ষ থেকে সুদীপ্তাকে সংবর্ধনা দেওয়া হয়। একই দিনে স্থানীয় ফুটবলে কালীতলা ক্লাবের চ্যাম্পিয়ন হওয়া এবং জাতীয় মঞ্চে সুদীপ্তার সাফল্য—দুই ঘটনাতেই মালদার ফুটবলে নতুন আশার আলো দেখছেন ক্রীড়াপ্রেমীরা।



