বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা
নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক , নিউজ বাজার২৪: শরতের আকাশ পরিষ্কার হতে না হতেই ফের দুর্যোগের ঘনঘটা বঙ্গোপসাগরে। লক্ষ্মীপুজো মিটতেই দক্ষিণবঙ্গ জুড়ে ভয়ের আবহ তৈরি করে শক্তি বাড়াচ্ছে একটি নতুন ঘূর্ণাবর্ত, যা নিম্নচাপ থেকে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই দুর্যোগের সরাসরি প্রভাব পড়তে চলেছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে।
ঘূর্ণিঝড়ের গতিপথ ও ল্যান্ডফলের সম্ভাব্য সময়:
আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পথে রয়েছে। এই সিস্টেমটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৬ অক্টোবর নাগাদ একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এরপর আরও এগিয়ে গিয়ে আগামী ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এটি আছড়ে পড়তে পারে বা ল্যান্ডফল ঘটাতে পারে। এর প্রভাবে ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ইছামতীর বুকে দুই বাংলার দুই ছবি! টাকিতে জাঁকজমকে বিসর্জন, ওপারে বিষাদের সুর
কোন কোন জেলায় কবে কেমন বৃষ্টি?
২৭ অক্টোবর: ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৭ তারিখ থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে। ওই দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
২৮ অক্টোবর (ল্যান্ডফলের সম্ভাব্য দিন): এই দিনটিতে দুর্যোগ সবচেয়ে বেশি বাড়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একাধিক এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
২৯ ও ৩০ অক্টোবর: ২৯ তারিখেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ অক্টোবর উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও বজ্রপাত ও দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া: শুধু দক্ষিণবঙ্গ নয়, ২৮ ও ২৯ অক্টোবর উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ৩০ অক্টোবর দুর্যোগ আরও বাড়িয়ে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ৭ থেকে ১১ সেমি পর্যন্ত ভারী বৃষ্টি এবং ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
আরও পড়ুন-আয়ুষ্মান কার্ডে e-KYC করেননি? মোবাইলেই কীভাবে আপডেট করবেন, জানুন সহজ পদ্ধতি
মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কতা:
আসন্ন এই দুর্যোগের জেরে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের সুরক্ষায় কঠোর নির্দেশিকা জারি করেছে আবহাওয়া দফতর: ১. ২৭ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 2. যাঁরা ইতিমধ্যে গভীর সমুদ্রে মৎস্যশিকারে গিয়েছেন, তাঁদের আগামী ২৬ অক্টোবরের মধ্যে নিরাপদে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।



