- কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা ফেরাতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
- লিখিত পরীক্ষার নম্বর ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ
নিউজ বাজার ২৪ ডেস্ক : পুলিশের কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাপ্ত নম্বর এবং সংরক্ষিত শ্রেণির বাছাই করা প্রার্থীদের নামের বিস্তারিত তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে আদালত। আগামী সাত দিনের মধ্যেই এই তালিকা প্রকাশ করতে হবে বলে জানানো হয়েছে।
পাশাপাশি কনস্টেবল নিয়োগের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (PMT) এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET)-এর ফলাফলের তালিকাও প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি হয়।
মামলাকারীদের অভিযোগ ছিল, নিয়োগ সংক্রান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হলেও সেখানে কোনও নম্বর বা বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ফলে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণেই প্রাপ্ত নম্বর-সহ সম্পূর্ণ তালিকা প্রকাশের আবেদন জানানো হয় আদালতে।
গোল পার্কের তাণ্ডবে গ্রেফতার আরও ২ মোট ১৯ জন গ্রেপ্তার
এই আবেদনে অসংরক্ষিত শ্রেণির পাশাপাশি তফশিলি জাতি ও ওবিসি প্রার্থীরাও সামিল ছিলেন। তাঁদের দাবি ছিল, মেধার ভিত্তিতে তালিকা জানার অধিকার প্রত্যেক প্রার্থীরই রয়েছে এবং স্বচ্ছতার স্বার্থেই নম্বর প্রকাশ করা জরুরি।
তবে রাজ্য সরকার এই আবেদনের বিরোধিতা করে আদালতে জানায়, লিখিত পরীক্ষার নম্বর প্রকাশ করা বাধ্যতামূলক নয় এবং এতে নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। কিন্তু আদালত রাজ্যের এই যুক্তি গ্রহণ করেনি।
বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্টভাবে জানান, কোনও প্রার্থী যোগ্য প্রমাণ করতে না পারলে তাঁর নাম এমনিতেই বাদ পড়বে। তবে নিয়োগ প্রক্রিয়া যাতে সম্পূর্ণ স্বচ্ছ থাকে, সেই কারণেই নম্বর-সহ তালিকা প্রকাশ করা প্রয়োজন। সেই লক্ষ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় আদালত।





