news bazar24 : গতকাল গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অন্তর্গত চাটলা গ্রামে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা সামনে এল। গিরিবালা জুয়েলার্সের কর্মচারী যীশু কামিল্যা গতকাল রাতে দোকান থেকে বেরিয়ে মাল নিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পথে দুষ্কৃতীদের আক্রমণের শিকার হন। অভিযোগ, আচমকাই তাঁর উপর ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালায় একদল ছিনতাইকারী।
দুষ্কৃতীরা যীশু কামিল্যার ব্যাগে থাকা সোনা ও নগদ টাকা সম্পূর্ণভাবে ছিনতাই করে। শুধু তাই নয়, তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করা হয়। ছুরিকাঘাতে গুরুতর জখম অবস্থায় তিনি কোনও রকমে নিজের বন্ধুদের ফোন করে বিষয়টি জানান।
ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে! দোনালা বন্দুক ও কার্তুজ উদ্ধার পুলিশের
খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত তৎপরতা দেখান। চাটলা বাজার এলাকায় ছিনতাইকারীদের কয়েকজনকে ধরে ফেলেন তাঁরা। উত্তেজিত জনতা পরে দুষ্কৃতীদের একটি ঘরে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধৃতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, এলাকায় এক সপ্তাহ আগেই একই দিনে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সঙ্গে এই ছিনতাইকারীদের যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। গ্রামবাসীদের ধারণা, এর নেপথ্যে একটি বড়সড় ডাকাতচক্র সক্রিয় রয়েছে, যারা আশেপাশের গ্রাম ও গ্রাম সংলগ্ন এলাকায় দিনের পর দিন চুরি ও ছিনতাই চালাচ্ছে।
এমনকি সাম্প্রতিক সময়ে বিভিন্ন মন্দিরে চুরির ঘটনাও এই একই চক্রের কাজ বলে মনে করছেন এলাকার মানুষ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বড় কোনও চক্রের হদিস পাওয়ার চেষ্টা চলছে।





