Newsbazar24 Desk: : নৃত্যের ছন্দে সামাজিক সচেতনতার বার্তা। নেশামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হল নৃত্যকি ড্যান্স একাডেমির ১১তম বার্ষিক নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানের বিশেষ থিম ছিল ‘নেশামুক্ত ভারত অভিযান’। রবিবার সন্ধ্যায় মালদা কলেজ অডিটোরিয়ামে এই বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠানের সূচনা হয়। নটরাজের মূর্তিতে মাল্য দানের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। সূচনা পর্বে নৃত্যকি ডান্স একাডেমির ক্ষুদে ছাত্রীরা মনমুগ্ধকর নৃত্য পরিবেশন করন। অনুষ্ঠানের মধ্যে সংবর্ধনা দেওয়া হয় মালদা শিল্প ও সংস্কৃতি জগতের অন্যতম পুরোধা মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা, বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিমনস্ক সমাজসেবী জয়ব্রত সাহা।
নৃত্য ও সংস্কৃতির মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরাই ছিল এই অনুষ্ঠানের অন্যতম মূল উদ্দেশ্য। বর্তমান সময়ে যুবসমাজকে নেশার কুফল সম্পর্কে সচেতন করা এবং সুস্থ, সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানাতে নেশামুক্ত ভারত অভিযানকে বিশেষ থিম হিসেবে বেছে নেওয়া হয়। নৃত্যের মাধ্যমে এই সামাজিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়। অনুষ্ঠানে বিভিন্ন আঙ্গিকের নাচ দর্শক সাধারণ কে মুগ্ধ করে রাখে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, বিশিষ্ট ভরতনাট্যম শিল্পী দেবরাজ ভট্টাচার্য ও কিশোরী নৃত্যশিল্পী অন্তরা অধিকারীর ভরতনাট্যম নাচ যা দর্শক সাধারণ কে মোহিত করে রাখে। অনুষ্ঠানে মঞ্চ সঞ্চালনা মুগ্ধ করেছে বিশিষ্ট বাচিক শিল্পী সঞ্চিতা চক্রবর্তী ও সীতেশ বসাকের উপস্থাপনা।
এ বিষয়ে প্রতিষ্ঠানের কর্ণধার বিশিষ্ট নৃত্যশিল্পী ও প্রশিক্ষক সমর্পিতা অধিকারী জানান, বিগত বছরগুলোর নয় এ বছরেও আমরা আমাদের প্রতিষ্ঠানের ছাত্রীদের প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে আমাদের বার্ষিক নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছি। এবারে আমরা ১১ তম বর্ষে পদার্পণ করলাম। এবারে আমাদের থিম নেশা মুক্ত ভারত। নৃত্যের মধ্য দিয়ে আমরা এই সামাজিক বার্তা তুলে দিতে চেয়েছি।
জেলার সংস্কৃতি জগতে এই নৃত্য সংস্থা তার ছাত্রছাত্রীদের নিয়ে আরো এগিয়ে চলুক এই কামনাই করে মালদার শিল্পী মহল।



