ভবানীপুরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তৎপর মমতা, কাউন্সিলর ও BLA-দের কড়া নির্দেশ
নিউজ বাজার২৪ ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০২৫
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে তৎপর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভবানীপুরের আটজন কাউন্সিলর এবং বুথ লেভেল এজেন্টদের (BLA-2) সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে স্পষ্ট বার্তা দেন—কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে। সূত্রের খবর, ভবানীপুরে প্রায় ৪৪ হাজার ৭৭০ জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, যেসব যোগ্য ভোটারের নাম বাদ গিয়েছে, তাঁদের পাশে দাঁড়াতে হবে এবং শুনানি পর্বে পুনরায় নাম অন্তর্ভুক্ত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশীষ কুমার, কাউন্সিলর সন্দীপ রঞ্জন বক্সী, অসীম বসু সহ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা।
২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্যে জ্যাকপট ? রবি গ্রহের বড় প্রভাব
দলীয় সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী বিশেষভাবে নির্দেশ দিয়েছেন মৃত ও স্থানান্তরিত ভোটার তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে। অভিযোগ উঠেছে, একাধিক ক্ষেত্রে জীবিত ভোটারদের মৃত দেখানো হয়েছে SIR-এর খসড়া তালিকায়। এই বিষয়টি খুঁটিয়ে দেখতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশেষ নজর দিতে বলা হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৭০ নম্বর ওয়ার্ডে। ওই এলাকার কাউন্সিলর অসীম বসুকে সরাসরি নজরদারির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। অতীতে এই ওয়ার্ডে স্থানীয় বাঙালিদের সরিয়ে বহিরাগতদের বসানোর অভিযোগ তুলেছিলেন তিনি। পাশাপাশি, খিদিরপুর এলাকার যে ওয়ার্ডগুলি ভবানীপুর কেন্দ্রের অন্তর্ভুক্ত, সেগুলিতে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে।
কালীঘাট সংলগ্ন ওয়ার্ডগুলির ক্ষেত্রেও SIR খসড়া তালিকার উপর কড়া নজর রাখতে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশীষ কুমারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের খবর।
শুনানি পর্ব শুরু হলে প্রতিটি ভোটারের পাশে দাঁড়াতে হবে বলে স্পষ্ট নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রথম পর্যায়ে যেমন এনুমারেশন ফর্ম পূরণের সময় সহযোগিতা করা হয়েছিল, তেমনই এবারও পাড়া-পাড়া ক্যাম্প করে ভোটারদের সাহায্য করতে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সহযোগিতা করার কথাও বলেন তিনি।
সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে মহিলা যাত্রীকে রক্ষা করলেন মালদা ডিভিশনের আরপিএফ
এছাড়া রাজ্য সরকারের উদ্যোগে চালু থাকা ‘মে আই হেল্প ইউ ক্যাম্প’-এ ভোটারদের নিয়ে গিয়ে কাগজপত্র সংক্রান্ত সমস্যা মেটানোর নির্দেশও দেওয়া হয়েছে বৈঠক থেকে।
বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএ-দের কাছ থেকে জানতে চান, প্রথম পর্যায়ে তাঁদের সমন্বয় কেমন ছিল। বিএলএ-দের অনেকেই জানান, তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করেছেন। যাঁরা ফর্ম ফেরত দেননি, তাঁদের সঙ্গে আবার যোগাযোগ করতে এবং যাঁদের নাম বাদ গিয়েছে, প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বহুতল আবাসনে বিশেষ নজর রাখার কথাও বলেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, শনিবার রাজ্যজুড়ে SIR-এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। রাজ্যজুড়ে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা গেছে। এর মধ্যে ভবানীপুরেই বাদ পড়েছে ৪৪ হাজার ৭৭০টি নাম। মুখ্যমন্ত্রীর নিজের বুথ—মিত্র ইনস্টিটিউশন (২৬০ নম্বর বুথ)-এ বাদ পড়েছে ১২৭ জনের নাম, যার মধ্যে ১৩ জন মৃত বলে তালিকায় উল্লেখ রয়েছে। বাকি ভোটারদের বেশিরভাগই হয় খুঁজে পাওয়া যায়নি, অথবা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন।
এই পরিস্থিতিতেই দ্রুত বৈঠক ডেকে স্পষ্ট নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী—কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়তে দেওয়া যাবে না।





