মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক
নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে কার্যত কুপোকাত প্রতিপক্ষ। রাজ্যে ক্ষমতায় আসার ইঙ্গিত স্পষ্ট হতেই এবার নতুন সরকার গঠন নিয়ে তৎপরতা শুরু হয়ে গেল বিজেপি শিবিরে। জয়ের খবর নিশ্চিত হতেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ফোন করে কী বার্তা দিলেন মোদি-শাহ?
দলীয় সূত্রে খবর, মঙ্গলবার জয়ের আভাস আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বি এল সন্তোষ ফোনে কথা বলেন শমীক ভট্টাচার্যের সঙ্গে। ভোট জয়ের কারিগর হিসেবে রাজ্য সভাপতির ভূয়সী প্রশংসা করেন তাঁরা। তবে শুধুমাত্র অভিনন্দন জানানোই নয়, সূত্রের দাবি, আগামী দিনে রাজ্যে সরকার গঠনের প্রক্রিয়া কীভাবে এগোবে এবং মন্ত্রিসভায় কারা থাকতে পারেন, সেই বিষয়েও প্রাথমিক আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
মুখ্যমন্ত্রী কে? জল্পনা তুঙ্গে
বাংলায় বিজেপির এই বড় জয়ের পর এখন রাজনৈতিক মহলে সবথেকে বড় প্রশ্ন— কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? জানা যাচ্ছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দিল্লিতে নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হতে চলেছে। সেই বৈঠকেই চূড়ান্ত হবে বাংলার মসনদে কে বসবেন।
কলকাতার পথে শুভেন্দু
এদিকে জয়ের খবর আসতেই চনমনে মেজাজে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ফলাফল স্পষ্ট হতেই তিনি পূর্ব মেদিনীপুরের শান্তিকুঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সরকার গঠনের প্রস্তুতিতে তিনিও যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন, তা বলাই বাহুল্য।
উচ্ছ্বসিত কর্মী-সমর্থকরা
ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। দীর্ঘ লড়াইয়ের পর ক্ষমতায় আসার এই হাতছানিকে ঐতিহাসিক জয় হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার, দিল্লির নির্দেশে সরকার গঠন ও মুখ্যমন্ত্রী নির্বাচনে কোন চমক দেয় গেরুয়া শিবির।





