৭৬তম বছরে বালিগঞ্জ কালচারালের থিম ‘যোজন’
নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক , কলকাতা: আধুনিক নগরায়নে মানুষ আর প্রকৃতির মধ্যে তৈরি হওয়া দূরত্বই কি পরিবেশের প্রতি আজকের এই চরম অবহেলার মূল কারণ? এই ব্যবধান মিটিয়ে মানুষের দৈনন্দিন জীবনের মধ্যই পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের (Ballygunge Cultural Association) চলতি বছরের দুর্গাপুজোর বিশেষ শিল্পভাবনা—‘যোজন’। প্ল্যাটিনাম জুবিলি পার করে এবার ৭৬তম বর্ষে পা দিল দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই পুজো।
সাধারণ পুজো থিমের প্রথাগত গণ্ডি ছাড়িয়ে ‘যোজন’ হয়ে উঠবে মানুষে-মানুষে এবং মানুষের সাথে পরিবেশের সংযোগের এক অনন্য গাথা। ঐতিহ্যবাহী সংস্কৃতি, চারুকলা ও মানব প্রজন্মের মেলবন্ধনকে রূপ দিতে সামগ্রিক শিল্পভাবনার দায়িত্বে রয়েছেন প্রখ্যাত শিল্পী সুশান্ত শিবানী পাল।
বার্তা ‘মিশন রি’: উৎসবের বর্জ্য এবার নতুন সম্পদে
কেবল মণ্ডপসজ্জাতেই সীমাবদ্ধ থাকছে না পরিবেশের প্রতি দায়বদ্ধতা। পুজো মেটার পর ব্যবহৃত সামগ্রী যাতে যত্রতত্র আবর্জনা হয়ে না পড়ে থাকে, তার জন্য ক্লাব কর্তৃপক্ষ শুরু করছে বিশেষ সামাজিক উদ্যোগ—‘মিশন রি: রিজয়েস। রিসাইকেল। রিপিট’। বর্জ্য পুনর্ব্যবহারের এই চিন্তাকে এককালীন কোনো ঘটনা না রেখে স্থায়ী অভ্যাসে পরিণত করাই এর মূল উদ্দেশ্য।
আরও পড়ুন- নিউ জার্সিতে প্যারিসের ছোঁয়া! আইফেল টাওয়ার থিমে সেজে উঠছে প্রবাসী বাঙালির দুর্গাপুজো
এই ভাবনার অধীনেই মণ্ডপ প্রাঙ্গণে গড়ে উঠছে ‘ইকোভিল’
প্লাস্টিক থেকে নতুন পণ্য: মণ্ডপ এলাকা থেকে সংগৃহীত প্লাস্টিকের বোতল, চিপস ও বিস্কুটের পরিত্যক্ত প্যাকেট প্রক্রিয়াকরণ করে তৈরি করা হবে পুনর্ব্যবহারযোগ্য নানা সামগ্রী, যা মণ্ডপের নির্দিষ্ট স্টলে বিক্রি হবে।
ফ্লেক্স-ব্যানারে নারী স্বনির্ভরতা: পুজোয় ব্যবহৃত ফ্লেক্স ও ব্যানার নষ্ট না করে হস্তান্তরিত করা হবে স্বেচ্ছাসেবী সংস্থা ‘পথচলা’-র হাতে। দক্ষিণ কলকাতার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের নারীরা তা দিয়ে তৈরি করবেন টোট ব্যাগ, ফাইল অর্গানাইজার ও কোস্টারের মতো নিত্যব্যবহার্য সামগ্রী। এতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি নিশ্চিত হবে প্রান্তিক নারীদের রোজগার।
পচা ফুল থেকে বীরভূমে জৈব সার: মণ্ডপ থেকে সংগৃহীত পূজোর ফুল ও অন্যান্য পচনশীল বর্জ্য চলে যাবে বীরভূমে। মল্লারপুর নৈসুবা ট্রাস্টের পরিচালনায় স্থানীয় নারীরা তা প্রক্রিয়াজাত করে তৈরি করবেন হোম গার্ডেনিংয়ের উপযোগী উন্নতমানের জৈব সার।
আরও পড়ুন-পায়ে শিকল, মুখে আঁচল, পেট কাটা প্রতিমা! ৪২০ বছরের রহস্যময় ‘পেটকাটি দুর্গা’ মুর্শিদাবাদে
দর্শনার্থীদের জন্য দৃশ্যশিল্প ও নতুন উপহার
মণ্ডপজুড়ে থাকছে নানা ধরনের দৃষ্টিসুখকর ভিজ্যুয়াল আর্ট ও অভিনব ইনস্টলেশন। ক্লাবের সভাপতি অঞ্জন উকিল ও সম্পাদক সপ্তর্ষি বসু আশাপ্রকাশ করেছেন, “প্রতিবারের মতো এবারও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ও ভালোবাসা আমরা পাব। সামাজিক দায়বদ্ধতা, অন্তর্ভুক্তির বার্তা এবং শিল্পীর হাতের ছোঁয়ায় পুজোপ্রেমীদের এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা উপহার দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।”



