নিউজ বাজার২৪ ডেস্ক : রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বকেয়া ডিএ এরিয়া সহ রাজ্যকে কর্মচারীদের প্রাপ্য অর্থ মেটাতে হবে। তার মধ্যে অবিলম্বে ২৫ শতাংশ ডিএ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই রায় রাজ্যের জন্য বড় ধাক্কা কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস এই রায়কে রাজ্যের পক্ষে ইতিবাচক বলেই ব্যাখ্যা করেছে। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি, কেন্দ্রের বঞ্চনার বিষয়টি সুপ্রিম কোর্টও বুঝতে পেরেছে বলেই ২৫ শতাংশ ডিএ প্রদানের নির্দেশ দিয়েছে।
টিভি৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অরূপ চক্রবর্তী বলেন, আদালতের রায় নিয়ে সমালোচনার কোনও সুযোগ নেই। তাঁর বক্তব্য, এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট কার্যত স্বীকার করেছে যে কেন্দ্র রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে।
রাজ্যের পক্ষে এই মুহূর্তে একশো শতাংশ বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয় বলেই আদালত নিজেই ২৫ শতাংশ প্রদানের কথা বলেছে। তিনি আরও উল্লেখ করেন, সুপ্রিম কোর্ট আগেই একশো দিনের কাজের প্রকল্পের বকেয়া প্রায় ৫২ হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল, যা এখনও কেন্দ্র দেয়নি। সেই প্রেক্ষিতেই এই রায় ভারসাম্য রক্ষা করেছে বলে মত তৃণমূলের।
প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘ ১১০৬ দিন ধরে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের এই রায়ের পর কর্মচারীদের মধ্যে স্বস্তি ও খুশির আবহ তৈরি হয়েছে।
এ দিন আদালতের দুই বিচারপতির বেঞ্চ ডিএ সংক্রান্ত বিষয় তদারকির জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে গঠিত এই কমিটি আগামী ১৫ মে-র মধ্যে রিপোর্ট জমা দেবে।
তবে মহার্ঘ্য ভাতা কর্মচারীদের মৌলিক অধিকার কি না, সেই প্রশ্নে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি সুপ্রিম কোর্ট।
আইনজীবী ফিরদৌস শামিম বলেন, এই রায় ঐতিহাসিক। আদালত স্পষ্ট করেছে যে ডিএ দিতে হবে এবং কর্মচারীরা এই মামলায় বড়সড় সাফল্য পেয়েছেন। নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ এরিয়া সহ মিটিয়ে দিতে হবে এবং গোটা প্রক্রিয়া নজরদারির জন্য কমিটিও গঠন করা হয়েছে।





