বিশ্বকাপের মঞ্চে ফের ধাক্কা আফগানিস্তানের কাছে ১-২ গোলে হার ভারতের

Newsbazar24 Desk:: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল আজারবাইজান ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের কাছে ১–২ গোলে পরাজিত হল ভারত। আগের দিন ত্রিনিদাদ ও টোবাগোকে হারিয়ে জয়ের ছন্দে ফিরেছিল ভারতের তরুণ ফুটবলাররা। কিন্তু বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ হল ব্লু কোল্টসরা। দ্বিতীয়ার্ধে একটি গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ম্যাচে সমতা ফেরাতে পারেনি ভারতীয় দল।

বাকুর হোভসান কমপিটিশন কমপ্লেক্সের পিচ ১এ-তে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় ভারতকে। ষষ্ঠ মিনিটে গোলের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি দল। ভারতীয় ফুটবলারদের একাধিক আক্রমণ সামাল দিয়ে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় আফগানিস্তান।

ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় আফগানিস্তান। শাহজাদা সুলতানির বাড়ানো বল থেকে মোহাম্মদ মুস্তাফা ভারতীয় রক্ষণভাগকে পরাস্ত করে জালে বল জড়িয়ে দেন। এরপর ২৭ মিনিটে ভারতের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ায় আফগান দল। খাইর মোহাম্মদ নাজারির চাপে ভারতীয় ফুটবলার নারা মেইতেই লৌশ্যামবামের পাস ভুল হয়ে যায়। সেই বল পেয়ে শাহজাদা সুলতানি দুর্দান্ত শটে দ্বিতীয় গোলটি করেন।

দুই গোলে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি ভারত। ৩৭ মিনিটে লালরেমরুয়াতফেলার বাড়ানো বল থেকে নিবাস মেইতেই ওয়াহেংবাম গোল করে ব্যবধান কমান। প্রথমার্ধের শেষ দিকে গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি ভারতীয় দল।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য আক্রমণের ঝাঁঝ বাড়ায় ভারতের তরুণ ফুটবলাররা। একাধিক কর্নার ও সেটপিস থেকে গোলের সুযোগ তৈরি হয়। কিন্তু আফগানিস্তানের রক্ষণভাগের দৃঢ়তা এবং গোলরক্ষকের তৎপরতায় শেষ পর্যন্ত সমতা ফেরানো সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত ২–১ গোলের ব্যবধানে জয় ধরে রাখে আফগানিস্তান।

এই হারের ফলে ভারতের সামনে এবার নতুন চ্যালেঞ্জ কাজাখস্তান। বৃহস্পতিবার রাত ৭টা ৪৫ মিনিটে কাজাখস্তানের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে মাঠে নামবে ভারত। কোয়ার্টার ফাইনালে হাঙ্গেরির কাছে পরাজিত হয়েছে কাজাখ দল। ফলে পরবর্তী ম্যাচে জয় তুলে নিয়ে প্রতিযোগিতায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে ভারতীয় ফুটবলারদের।

আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ভারতের আক্রমণাত্মক ফুটবল নজর কাড়লেও ফিনিশিং এর অভাবে পাশাপাশি রক্ষণভাগের ভুলও দলের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

 

 

সপ্তাহের সেরা

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...

মালদার টিপাজানির খাঙালি কালী, ২২ বোনের রহস্যময় কাহিনি! আজও বহন করে চলেছে আড়াইশো বছরের ঐতিহ্য

মালদার টিপাজানির আরাপুর সংলগ্ন এলাকায় মা খাঙালি কালীপুজোর আয়োজননিউজ...

Topics

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img