Newsbazar24 Desk : : আসন্ন শারদোৎসবের প্রাক্কালে গান, নৃত্য ও আবৃত্তির সুরে মুখরিত হল মালদা টাউন হল। মালদা শিল্পী সংসদের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হল ‘শারদাঞ্জলী ২০২৬’। অনুষ্ঠানে শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আবাহনী সংগীত ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন করা হয়। এরপর একে একে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। তাঁদের পরিবেশনায় শারদোৎসবের আগমনী আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে টাউন হলে বসেছিল হস্তশিল্পের প্রদর্শনীও। বিভিন্ন ধরনের হস্তশিল্পের সম্ভার দেখতে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রদর্শনীটি অনুষ্ঠানে আসা সাধারণ মানুষের বিশেষ নজর কাড়ে।
মালদা শিল্পী সংসদের এই আয়োজনে উপস্থিত ছিলেন, মালদা শিল্পী সংসদের সভাপতি ডা: ডি সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ ঐতিহাসিক ড: রাধারমন ঘোষ, বিশিষ্ট সমাজসেবী কাজল গোস্বামী সহ সংসদের সাধারণ সম্পাদক মলয় সাহা-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শিল্প-সংস্কৃতির মাধ্যমে শারদোৎসবের আবহকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগে উৎসাহিত ছিলেন আয়োজক থেকে দর্শক—সকলেই।
গান, নৃত্য, আবৃত্তি এবং হস্তশিল্পের সমন্বয়ে ‘শারদাঞ্জলী ২০২৬’ মালদার সাংস্কৃতিক পরিসরে শারদোৎসবের এক বর্ণময় আগমনী বার্তা হয়ে উঠল।



