Newsbazar24 Desk:: মাত্র ৪ জন সদস্য নিয়ে জেলা পরিষদের দখল বদলের রেশ কাটতে না কাটতেই এবার ইংরেজবাজার পুরসভাতেও বড়সড় রাজনৈতিক পালাবদল। মাত্র ৩ জন সদস্য নিয়ে মঙ্গলবার পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিজেপির অম্লান ভাদুড়ি। ফলে মালদা জেলার রাজনীতিতে ফের বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। একের পর এক গুরুত্বপূর্ণ স্থানীয় প্রশাসনিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ বিজেপির হাতে চলে যাওয়ায় বদলাতে শুরু করেছে জেলার রাজনৈতিক সমীকরণও।
ইংরেজবাজার পুরসভায় মোট কাউন্সিলরের সংখ্যা ২৫। এদিন সকালে ১১ জন তৃণমূল কাউন্সিলর দল ত্যাগ করে নির্দল হয়ে যান।তারা সমর্থন করায় বোর্ড গঠন করতে পেরেছে বিজেপি।
ইংরেজবাজার পুরসভায় চেয়ারম্যান পদে অম্লান ভাদুড়ির নির্বাচন পুর প্রশাসনে বিজেপির দখলদারি আরও স্পষ্ট হল। এর আগে জেলা পরিষদের ক্ষমতা বিজেপি দখল করেছে। পরপর এই দুই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ক্ষমতার পালাবদল মালদার রাজনৈতিক মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে।
দীর্ঘদিন ধরেই ইংরেজবাজার পুরসভা জেলার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। শহরের নাগরিক পরিষেবা, উন্নয়নমূলক কাজ এবং পুর প্রশাসনের নানা সিদ্ধান্তের সঙ্গে সরাসরি যুক্ত এই প্রতিষ্ঠান। ফলে চেয়ারম্যান পদে পরিবর্তনের রাজনৈতিক গুরুত্বও যথেষ্ট বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
নতুন চেয়ারম্যান অম্লান ভাদুড়ির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পুর পরিষেবাকে আরও গতিশীল করা এবং শহরের নাগরিক সমস্যাগুলির দ্রুত সমাধান করা। রাস্তা, নিকাশি, পানীয় জল, বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে শহরের পরিকাঠামোগত উন্নয়ন—একাধিক ক্ষেত্রে নতুন পুর বোর্ডের ভূমিকার দিকে নজর থাকবে শহরবাসীর।
এ বিষয়ে অম্লান ভাদুড়ি জানিয়েছেন,আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বোর্ড গঠন করেছি। তাঁর বক্তব্য, বিজেপির দুই কাউন্সিলরের একজন তাঁর নাম প্রস্তাব করেছেন, অপরজন সমর্থন করেছেন। আর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা তাঁরা কেউ প্রার্থীই দিতে পারেননি। স্বাভাবিকভাবেই আমরা বোর্ড গঠন করলাম।”
জেলা পরিষদের পর ইংরেজবাজার পুরসভাতেও বিজেপির নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়ায় আগামী দিনে মালদার রাজনীতিতে এর প্রভাব কতটা পড়ে, সেটাই এখন দেখার। স্থানীয় প্রশাসনের এই পালাবদল আগামী দিনের বৃহত্তর রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।



