শীতের ঠাণ্ডা এখন উত্তপ্ত রাজনীতির চর্চাতে । নতুন বছরের শুরুতেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সফরে ঝড় তুলতে বীরভূমে আসছেন তৃণণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আগামী ৪ জানুয়ারি তাঁর এই জেলা সফরকে ঘিরে ইতিমধ্যেই বীরভূমের রাজনৈতিক মহলে তৎপরতা চোখে পড়ার মত।
এই সফরের প্রস্তুতি ও কর্মসূচির রুটিন চূড়ান্ত করতে শনিবার বোলপুরে ডাকা হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির জরুরি বৈঠক। দলীয় সূত্রে জানা গিয়েছে, ২৭ ডিসেম্বর শনিবার দুপুর ৩টেয় বোলপুরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় নেতৃত্বের দাবি, অভিষেক ব্যানার্জির সফরের সমস্ত দিক—সভাস্থল নির্বাচন, কর্মসূচির সময়সূচি, সাংগঠনিক প্রস্তুতি, সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা—এই বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। কোন এলাকায় সভা হবে, কীভাবে সমর্থকদের সেখানে পৌঁছনোর ব্যবস্থা করা হবে এবং কত সংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করা যায়, তা নিয়েও কোর কমিটিতে আলোচনা করা হবে।
দীঘায় পুলিশের পক্ষ থেকে পর্যটকদের জন্য বিশেষ হেল্পলাইন নাম্বার
সামনেই বিধানসভা নির্বাচন। সেই প্রেক্ষাপটে অভিষেক ব্যানার্জির বীরভূম সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন জেলা তৃণমূল নেতৃত্ব। এই সফরের মাধ্যমে রাজ্যের উন্নয়ন, সংগঠনের শক্তিবৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক রণকৌশল নিয়ে কী বার্তা দেন তিনি, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।
জেলা নেতৃত্ব চাইছেন সফরের আগেই নিজেদের সাংগঠনিক স্ট্র্যাটেজি একেবারে স্পষ্ট করে নিতে। সেই কারণেই এই জরুরি কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।
কোর কমিটির এক সদস্য জানিয়েছেন, অভিষেক ব্যানার্জির সফর সফল করতে প্রত্যেক সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। সভাস্থল থেকে শুরু করে জনসমাগমের ব্যবস্থাপনা, নিরাপত্তা, কর্মীদের দায়িত্ব বণ্টন এবং প্রচার কৌশল—সব বিষয় নিয়েই এদিন বিস্তারিত আলোচনা হবে।
বর্তমানে বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক রয়েছেন অনুব্রত মণ্ডল। কোর কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি।
সব মিলিয়ে, নতুন বছরের শুরুতেই বীরভূমে তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক প্রস্তুতি জেলা রাজনীতিতে নতুন করে গতি আনবে বলেই মনে করা হচ্ছে।





