জামসেদপুর এফসি:২(জর্ডন মারে-১,মহম্মদ উভাইস-১) বেঙ্গালুরু এফসি:১
Newsbazar24:শনিবার আইএসএলের দ্বিতীয় ম্যাচে এগিয়ে থেকেও পরাজিত হল বেঙ্গালুরু এফসি। এদিন জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসি ৮৩ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও ২-১ গোলে জিতলো তাদের বিরুদ্ধে। ম্যাচের ১৯ মিনিটে আলবার্তো নগুয়েরার গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। প্রথমার্ধ ০-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও অনেকটা সময় আধিপত্য বেশী ছিলো সেই বেঙ্গালুরু এফসি-রই। কিন্তু ৮৪ মিনিটে এক অসাধারণ বাইসাইকেল কিকে জামশেদপুর এফসি-কে সমতায় ফেরান জর্ডন মারে। এরপর ৯০ মিনিটে বেঙ্গালুরু এফসি-র গোলরক্ষক গুরপ্রীত বক্সের মধ্যে থেকে একটি বল ফিস্ট করে বিপদমুক্ত করার চেষ্টা করলে ফিরতি বলে মহম্মদ উভাইস দুর্দান্ত ভলিতে গোল করে খেলার ফল ২-১ করেন।

এরপর প্রায় সাত মিনিটের সংযোজিত সময়ে কোনো গোল না হওয়ায় ২-১ গোলে জয় নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থস্থানে উঠে এলো জামশেদপুর এফসি (১৩ ম্যাচে ২৪ পয়েন্ট)। অপরদিকে দ্বিতীয়স্থানে থাকলেও হেরে গিয়ে শীর্ষে থাকা মোহন বাগানের (১৪ ম্যাচে ৩২ পয়েন্ট) কিছুটা সুবিধা করলো বেঙ্গালুরু এফসি (১৪ ম্যাচে ২৭ পয়েন্ট)। ম্যাচের সেরা হলেন বিজয়ী দলের জর্ডন মারে।



