কীভাবে পোস্ট অফিসের মাধ্যমে ₹২০০০ নোট জমা দেবেন?
নয়াদিল্লি: দেশজুড়ে এখনও বহু মানুষের কাছে বাতিল ₹২০০০ টাকার নোট রয়ে গিয়েছে। ব্যাঙ্ক কাউন্টার থেকে সরাসরি এই নোট গ্রহণ বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকার ডাক বিভাগের মাধ্যমে নোট সংগ্রহ করে তা Reserve Bank of India (RBI)-র নির্দিষ্ট ইস্যু অফিসে পাঠিয়ে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার প্রক্রিয়া চালু রেখেছে।
ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের অধীন ডাক বিভাগ এই সংক্রান্ত একটি অফিস মেমোর্যান্ডাম জারি করেছে (সার্কুলার নম্বর 27-10/2023-PO, তারিখ ১৩ অক্টোবর ২০২৩)। সার্কুলারে স্পষ্ট বলা হয়েছে, বাজার থেকে ₹২০০০ টাকার নোট প্রত্যাহারের প্রক্রিয়া সহজ করতে পোস্ট অফিস কাউন্টারের মাধ্যমে নির্দিষ্ট SOP (Standard Operating Procedure) মেনে নোট পাঠাতে হবে।
কীভাবে পাঠানো যাবে নোট?
সার্কুলার অনুযায়ী, গ্রাহক পোস্ট অফিসে এসে ইনসিওর্ড স্পিড পোস্ট বা ইনসিওর্ড রেজিস্টার্ড পোস্ট পরিষেবার মাধ্যমে নোট পাঠাতে পারবেন।
✔ একবারে সর্বোচ্চ ₹২০,০০০ পর্যন্ত ₹২০০০ টাকার নোট পাঠানো যাবে।
✔ নোট শুধুমাত্র দেশের ১৯টি RBI ইস্যু অফিসে পাঠানো যাবে।
✔ অন্য কোনও ঠিকানায় পাঠানো হলে তা গ্রহণ করা হবে না।
RBI-র অফিসিয়াল ওয়েবসাইটে এই ১৯টি ইস্যু অফিসের ঠিকানা দেওয়া রয়েছে।
আরও পড়ুন-অনলাইনেই যুব সাথী আবেদন, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম—মাসে মিলবে ১৫০০ টাকা
ফর্ম পূরণ বাধ্যতামূলক
নোট পাঠানোর সময় গ্রাহককে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে।
📌 ফর্ম তিন কপি জমা দিতে হবে:
একটি খামের ভিতরে
একটি পোস্ট অফিসে সংরক্ষিত থাকবে
একটি গ্রাহকের কাছে থাকবে
ফর্মে উল্লেখ করতে হবে:
প্রেরকের নাম ও ঠিকানা
প্যান নম্বর
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
IFSC কোড
পাঠানো ₹২০০০ নোটগুলির সিরিয়াল নম্বর
প্যাকেজিংয়ে কড়া নিয়ম
ডাক বিভাগ জানিয়েছে—
খোলা খামে নোট নিয়ে পোস্ট অফিসে আসতে হবে
পোস্টাল কর্মীর সামনে নোট প্যাক করতে হবে
কর্মী নোটের সংখ্যা ও বিবরণ যাচাই করার পর গ্রহণ করবেন
সমস্ত ডাক খরচ, রেজিস্ট্রেশন ফি ও ইনসিওর্ড চার্জ আগাম পরিশোধ বাধ্যতামূলক
দায়-দায়িত্ব সংক্রান্ত স্পষ্ট বার্তা
ডাক বিভাগ জানিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা IFSC কোড ভুল হলে, অথবা টাকা জমা হতে দেরি হলে তার দায় ডাক বিভাগের নয়। তাদের দায়িত্ব শুধুমাত্র নির্দিষ্ট RBI ইস্যু অফিসে নোট পৌঁছে দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ।
টাকা অ্যাকাউন্টে জমা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে সরাসরি RBI-র সঙ্গে যোগাযোগ করতে হবে।
কোথায় পাওয়া যাবে পরিষেবা?
এই পরিষেবা শুধুমাত্র হেড পোস্ট অফিস ও সাব পোস্ট অফিসে পাওয়া যাবে। ব্রাঞ্চ পোস্ট অফিসে ₹২০০০ টাকার নোট পাঠানোর সুবিধা নেই।
ব্যাঙ্কে সরাসরি বাতিল ₹২০০০ টাকার নোট জমা দেওয়ার সুযোগ বন্ধ থাকায়, বর্তমানে পোস্ট অফিসের মাধ্যমেই নোট পাঠানোই সাধারণ মানুষের কাছে একমাত্র কার্যকর বিকল্প হিসেবে উঠে এসেছে।





