৩৫ ফুটের বিশাল শ্যামাকালী প্রতিমা, ৫১তম বর্ষে বর্ণাঢ্য আয়োজন আইহোতে
ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: ৩৫ ফুট উচ্চতার বিশাল শ্যামাকালী প্রতিমা। নজরকাড়া এই প্রতিমাকে ঘিরে এবারও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে মালদার হবিবপুর ব্লকের আইহো অঞ্চল সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী পুজো। পুজোর ৫১তম বর্ষকে স্মরণীয় করে তুলতে জোরকদমে চলছে প্রস্তুতি। প্রতিমা নির্মাণ, মণ্ডপসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা ও মেলার আয়োজন—সবকিছু নিয়েই এখন চূড়ান্ত ব্যস্ততা পুজো উদ্যোক্তাদের।
মালদা জেলার অন্যতম বৃহৎ কালীপুজোগুলির মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে আইহো অঞ্চলের এই পুজো। এবছর প্রায় ৩৫ ফুট উচ্চতার বিশাল শ্যামাকালী প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পী রাকেশ প্রামাণিক। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, একসময় আইহো স্ট্যান্ডে এই পুজোর সূচনা হয়েছিল। পরবর্তীতে ১৯৭৫ সাল থেকে টাঙ্গন নদী সংলগ্ন আইহো বাজারের বর্তমান মন্দির প্রাঙ্গণে নিয়মিতভাবে পুজো অনুষ্ঠিত হয়ে আসছে।
পুজোর ৫১তম বর্ষ উপলক্ষে এবারও থাকছে একাধিক বিশেষ আকর্ষণ। চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে পুজো প্রাঙ্গণ। পাশাপাশি, প্রতিবছরের মতো এবারও পুজোকে কেন্দ্র করে বসবে বিশাল মেলা। সব মিলিয়ে ৩৫ ফুটের বিশাল প্রতিমা, বর্ণাঢ্য আলোকসজ্জা এবং মেলার আকর্ষণে এবারও আইহো শ্যামাকালী পুজো ঘিরে দর্শনার্থীদের বিপুল সমাগমের প্রত্যাশা করছেন উদ্যোক্তারা।



