Newsbazar24::ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিক উদ্যোগে এগিয়ে এলো সীমান্ত রক্ষী বাহিনী। সোমবার মালদার হবিবপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলে ৮৮ নম্বর ব্যাটালিয়ন-এর কেদারিপাড়া ক্যাম্প কর্তৃক আয়োজিত সিভিক অ্যাকশন প্রোগ্রামে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন। আড়াগাছি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএসএফ জওয়ান ও আধিকারিকরা।
সাধারণত সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারির দায়িত্বে থাকলেও, এদিন বিএসএফ জওয়ানদের এক ভিন্ন মুখ দেখা যায়। এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করতে তারা বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। স্থানীয় মহিলাদের শাড়ি এবং পাশাপাশি সীমান্তবর্তী এলাকার ছাত্রছাত্রীদের হাতে বই, খাতা, কলম ও শিক্ষাসামগ্রী দেওয়া হয়।






