Newsbazar24:মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সৈয়দ কুলুট গ্রামে সাত বছরের শিশুকন্যা সোহানা খাতুন নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় নেমেছে গভীর উদ্বেগ ও আতঙ্ক। শনিবার সন্ধ্যার দিকে বাড়ির সামনে খেলতে বের হয় সোহানা। সাধারণত প্রতিদিনের মতো খেলাধুলার পর সে বাড়ি ফিরে আসে, কিন্তু সেইদিন সন্ধ্যা গড়িয়ে রাত হলেও যখন বাড়ি ফেরেনি, তখনই শুরু হয় পরিবারের উৎকণ্ঠা।
পরিবার ও প্রতিবেশীরা প্রথমে নিজেরা আশেপাশের প্রতিটি গলি, উঠোন, বাড়ির সামনের পথ, পুকুরপাড়—সব জায়গা খুঁজে দেখেন। কোনো সূত্র না পাওয়ায় শনিবার রাতেই ভরতপুর থানায় খবর দেওয়া হয়।
খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রাতভর তল্লাশি শুরু করে। তবে শনিবার রাতে মূলত মানবশক্তির সাহায্যেই তল্লাশি চালানো হয়।
রবিবার সকাল থেকে তল্লাশি অভিযানে যুক্ত করা হয় অনুসন্ধানী কুকুর ও ড্রোন। ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে গ্রামের পুকুরপাড়, ঝোপঝাড়, ফাঁকা জমি, বাগান, খালপাড়সহ বিস্তৃত এলাকাজুড়ে। অনুসন্ধানী কুকুরের সাহায্যেও পুকুর জাল দিয়ে ডুবুরি দিয়ে বিভিন্ন সম্ভাব্য পথ এবং সন্দেহজনক জায়গাগুলো খতিয়ে দেখা হচ্ছে।
তল্লাশি কাজে যুক্ত হন গ্রামের অসংখ্য মানুষ। আশপাশের গ্রাম থেকেও লোকজন এসে দাঁড়িয়েছেন পরিবারের পাশে। পুরো গ্রামজুড়ে তৈরি হয়েছে জনসমাগম। প্রত্যেকে নিজের মতো করে খুঁজছেন কোনো সূত্র।
এত তল্লাশি সত্ত্বেও রবিবার দুপুর পর্যন্ত সোহানার কোনো সন্ধান মেলেনি।



