Newsbazar24 Desk:মেদিনীপুরের কলেজ মাঠের সভায় দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সতীদাহ প্রথা রদ নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়। সতীদাহ প্রথা নিয়ে রাজা রামমোহন রায়ের অবদান ব্যাখ্যা করতে গিয়ে তিনি যে ব্যাখ্যা দিলেন, তা শুনে ঐতিহাসিকদের একাংশ হতবাক। মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ভিডিয়ো।
অভিষেক কি বলেছিলেন:
২০২৬ এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে জেলায় জেলায় জনসংযোগ ও সভা করছেন অভিষেক। মেদিনীপুরের কলেজ মাঠের সভায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বাঙালি মনীষীদের প্রসঙ্গ টানেন তিনি। সেখানেই তিনি বলেন, “সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি, তাঁর নাম রাজা রামমোহন রায়। বিজেপির নেতারা এই রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে আখ্যায়িত করে।”
এরপরেই তিনি যোগ করেন, “রামমোহন রায় যদি আজ না থাকতেন, তাহলে আমার মা বা আপনার মা যদি মারা যেতেন, সেই চিতায় ঝলসে আপনার বাবা বা আমার বাবাকে মৃত্যুবরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি।”
বিতর্ক কেন
ইতিহাস বলছে, সতীদাহ প্রথায় স্বামীর মৃত্যুতে স্ত্রীকে জ্বলন্ত চিতায় সহমরণে যেতে বাধ্য করা হতো। কিন্তু অভিষেকের বক্তব্যে বিষয়টি সম্পূর্ণ উল্টে গিয়েছে। তিনি স্ত্রীর মৃত্যুতে স্বামীর চিতায় ওঠার কথা বলেছেন। যা সঠিক নয়। শাসকদলের শীর্ষ নেতার মুখে এমন ‘উলটপুরাণ’ শুনে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল ট্রোলিং।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি নেতাদের বাঙালি আবেগ-বিরোধী প্রমাণ করতেই রামমোহন রায়ের প্রসঙ্গ টেনেছিলেন অভিষেক। কিন্তু আবেগের বশে সতীদাহ প্রথার বর্ণনায় নারী-পুরুষের ভূমিকা গুলিয়ে ফেলায় হিতে বিপরীত হয়েছে। বিরোধীরাও এই সুযোগে কটাক্ষ করতে ছাড়ছেন না। বিজেপি বলছে এটাই কি তৃণমূলের বাঙালি প্রীতি। একবার পিসি আবার ভাইপো দুইজনের মুখেই কথার অসঙ্গতি।
ভোটের মুখে এই ভাইরাল ভিডিয়ো শাসকদলের অস্বস্তি কিছুটা হলেও বাড়াল বলে মনে করছে রাজনৈতিক মহল।





