Newsbazar24:অবিলম্বে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এই মর্মে কলকাতা হাইকোর্টের এক নির্দেশ ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে।
প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীদের ইউনিট ফোরামের আহবায় ক দেবপ্রসাদ হালদার ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ করা নিয়ে মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে।
গত মঙ্গলবার রাজ্য সরকারকে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আগামী ১ জুলাইয়ের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে হবে।
এই রায়কে সামনে রেখে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, হাইকোর্ট পয়লা জুলাইয়ের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলেছে। সেটা হলে পঞ্চম বেতন কমিশনের মতোই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এআইসিপিআই (সর্বভারতীয় মূল্যসূচক) অনুযায়ী ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। যদিও তা সত্যি হয় তাহলে রাজ্য সরকারের চাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
মামলাকারীর অভিযোগ ছিল, অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনও তথ্য দেয়নি রাজ্য, অথচ ডিএ মামলায় তারা ষষ্ঠ পে কমিশন মেনে চলছে বলে দাবি করা হচ্ছে।
বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, রাজ্যের নির্দিষ্ট ওয়েবসাইটে পে কমিশনের সুপারিশ প্রকাশ করতে হবে। বিচারপতির প্রশ্ন, কবে রিপোর্ট জনসমক্ষে আনবেন? পে কমিশনের সুপারিশ কোনও গোপন সরকারি নথি নয়। তাই তা প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি।
মামলাকারি দেবপ্রসাদ হালদার জানান, হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মামলাকারীকে বাধ্যতামূলকভাবে রিপোর্টের কপি দিতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ১ জুলাই। তার আগেই রিপোর্ট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা মামলায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে আগামী ছয় সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার কমপক্ষে ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে । ২৭ জুন তার সময়সীমা শেষ হচ্ছে। তার আগেই পে কমিশনের মামলায় কড়া নির্দেশ দিল হাইকোর্ট।





