Newsbazar24:প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর আগে ব্রজভূমিতে শ্রীকৃষ্ণ যে প্রেমময় বনভোজনের লীলা করেছিলেন, সেই চিরন্তন স্মৃতি ও ভাবধারাকে হৃদয়ে ধারণ করেই পূর্ব বর্ধমান জেলার রায়না ১ ব্লকের সিপ্টা দিঘির পাড়ে অনুষ্ঠিত হল এক অপূর্ব ভক্তিময় সম্মেলন ও পারমার্থিক বনভোজন।
ইস্কোন মায়াপুরের উদ্ভব প্রভু ব্রহ্মচারী হোমের পবিত্র উদ্যোগে এই অনুষ্ঠান যেন মুহূর্তের মধ্যেই একখণ্ড বৃন্দাবনে রূপ নেয়। সকাল থেকেই দিঘির পাড় জুড়ে ছড়িয়ে পড়ে হরিনামের সুর, নামসংকীর্তনের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারদিক। শ্রীকৃষ্ণের নামগানে ভক্তদের মন-প্রাণ একাত্ম হয়ে যায় পরমেশ্বরের চরণে।
নিষ্পাপ শিশুমন শ্রীকৃষ্ণ ভাবনায় রঙ তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলে তাঁদের অনুভূতি—অঙ্কন প্রতিযোগিতায়। অন্যদিকে অভিভাবকদের হাতে আলপনার নকশায় প্রকাশ পায় ভক্তি, সংস্কার ও পারিবারিক ঐতিহ্যের সৌন্দর্য। প্রতিটি আল্পনা যেন শ্রীহরির চরণে নিবেদিত এক একটি প্রণাম।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল অন্নভোগ। ভক্তিভরে প্রস্তুত এই প্রসাদ গ্রহণ করে সকলেই অনুভব করেন—এ কেবল আহার নয়, এটি শ্রীকৃষ্ণের কৃপা। বনভোজনের মাধ্যমে ভক্ত ও ভগবানের মধ্যে যে নিবিড় সম্পর্ক, তা যেন নতুন করে প্রাণ পায় এই পবিত্র অনুষ্ঠানে।
ভক্তি, প্রেম ও পরমার্থের এই মিলনক্ষেত্র সিপ্টা দিঘির পাড়ে সেদিন সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ—যেখানে শ্রীকৃষ্ণই ছিলেন কেন্দ্রবিন্দু, আর সকল হৃদয় ছিল তাঁরই নামে নিবেদিত।





