Newsbazar24:গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে নদীয়া থেকে আগত এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়েছিল। মৃত্যুর জন্য প্রাক্তনীদের রেগিং-র অভিযোগই মাথা চাড়া দিয়ে উঠেছিল। তবে পরবর্তীতে মেন হোস্টেলে সিসিটিভি ক্যামেরা বসিয়েও কোন লাভ হয়নি বলে বর্তমানে আবাসিক পড়ুয়াদের অভিযোগ।
বছর ঘুরতেই সেই যাদবপুরের হোস্টেলে ফের প্রাক্তনীদের তাণ্ডবের খবর সামনে এল। আবাসিক পড়ুয়াদের দাবি, হোস্টেলের ভিতর এখনো মদ ও গাজার আসর অবাধে চলছে।এক মাদকাসক্ত প্রচণ্ড বিরক্ত করছেন। যখন তখন রুমে এসে তাণ্ডব করছেন। আবার টাকা দাবি করছেন। আর না দিলে চিৎকার জুড়ে দিচ্ছেন বলে অভিযোগ। ঘরের জিনিসপত্র ফেলে দিয়ে তাণ্ডব করছেন ওই মাদকাসক্ত বলেও অভিযোগ। তাই এই মাদকাসক্তকে অবিলম্বে হস্টেল থেকে বের করে দিতে হবে। অথচ পরপর দু’দিন তাঁকে সরাতে উদ্যোগী হলেও লাভ হয়নি। তিনি কখনও হোস্টেলের ছাদে চিলেকোঠার ঘরে লুকিয়ে পড়ছেন বা কোথাও পালিয়ে যাচ্ছেন।
মেন হোস্টেলের বি ব্লকের পড়ুয়াদের অভিযোগ, বহুদিন ধরেই সেখানে থাকেন ওই ড্রাগ অ্যাডিক্ট প্রাক্তনী। অনেককাল আগে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেন তিনি। কিন্তু এক দশক হলো পড়াশোনার সঙ্গে তাঁর কোন যোগাযোগ নেই। তবুও তিনি হোস্টেলেই থেকে গিয়েছেন। প্রতিদিনই মদ-মাদক খেয়ে তিনি হোস্টেলে তাণ্ডব চালান বলে অভিযোগ। কেউ কিছু বলতে গেলেই দৌড়ে চিলেকোঠার ঘরে ঢুকে পড়েন। সূত্র মারফত খবর, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস হোস্টেলে গিয়ে ওই মাদকাসক্তকে বোঝান। কিন্তু তিনিও ব্যর্থ হন। ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত জানিয়েছেন, এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।



