Newsbazar24 Desk:আবারও গণধর্ষণের অভিযোগ। এ বার মুর্শিদাবাদ। এক আদিবাসী মহিলাকে অপহরণ করে লাগাতার ধর্ষণের অভিযোগে শোরগোল এলাকায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে শুক্রবার তাঁদের আদালতে পেশ করেছে পুলিশ। নির্যাতিতা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থানার বহরুল গ্রামের এক আদিবাসী মহিলাকে খাগড়াঘাট এলাকা থেকে জোর করে তুলে নিয়ে যায় দুই ব্যক্তি। অভিযোগ, নিশ্চিন্তপুর গ্রামের একটি ফাঁকা বাড়িতে তাঁকে আটকে রাখা হয়। তিনদিন ধরে লাগাতার আদিবাসী মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। চলে পাশবিক অত্যাচারও! বুধবার সন্ধ্যায় কোনওমতে ওই বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন নির্যাতিতা। এরপর বহরমপুর থানায় অভিযোগ করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম ইমামুল শেখ ও রাজিবুল শেখ। দু’জনেই বহরমপুর থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ইমামুল শেখ বর্তমানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। তাঁর বিরুদ্ধে আগেও একাধিক মামলার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, ইমামুল শেখ ও রাজিবুল শেখ, দু’জনেই অতীতে একটি খুনের মামলায় যুক্ত ছিলেন বলেও পুলিশের দাবি।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা যাবে।
এদিকে নির্যাতিতা চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন।। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে । পুলিশ জানিয়েছে, শুক্রবার ধৃত দু’জনকে আদালতে পেশ করা হবে এবং তদন্তের স্বার্থে উপযুক্ত রিমান্ড চাওয়া হবে। এই ঘটনায় জেলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।





