news bazar24 ঃ নিজের বাড়িতে কালী পূজায় মেতে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এবারো একজন পাকা গৃহিণীর মতো তাকে সকাল থেকেই প্রায় এককভাবে পূজার প্রস্তুতি নিতে দেখা গেছে।
পুজোর সমস্ত কাজ, পুজোর ভোগ রান্না, সময়মতো অতিথিদের আপ্যায়ন করা, প্রদীপ জ্বালানো সবই তিনি নিজের হাতে করেছেন । তিথি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে পূজা অনুষ্ঠিত হয়। অভিষেক ব্যানার্জীকেও সাদা পাঞ্জাবি ও কালো চশমা পরা অবস্থায় দেখা গেছে পুজোর আসরে বসতে ।
আমেরিকায় চোখের চিকিৎসা করিয়ে কলকাতায় ফিরে প্রথমবার মুখ্যমন্ত্রীর বাড়িতে এলেন তৃণমূল সাংসদ। সঙ্গে ছিলেন অভিষেকের মেয়ে আজনিয়া ও ছেলে আয়ানশ। এদিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে প্রথমে মমতাকে প্রণাম করেন অভিষেক। তারপর ঠাকুর প্রণাম করে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে কালী পূজায় অংশ নেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা ব্যানার্জিকেও মুখ্যমন্ত্রীর সঙ্গে পুজোয় অংশ নিতে দেখা যায়।
আজ সকালে মুখ্যমন্ত্রী তাঁর বাড়ির প্রতিমার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি বাড়ির মূর্তিকে মা দিগম্বরী বলে উল্লেখ করেছেন। এদিন সন্ধ্যায় পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন রাজ্য তৃণমূলের শীর্ষ নেতারা। স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য সচিব মনোজ পন্ত, কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও দেখা গেছে। অতিথিদের আপ্যায়ন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। হোম চলাকালীন তাকে কাঁসার বাজাতে দেখা যায়।



