Newsbazar24:সিএবির উদ্যোগে মালদা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে শুরু হল তিন দিনব্যাপী অনূর্ধ্ব ১৮ সাব জুনিয়র এক দিবসীয় মহিলা ক্রিকেট প্রতিযোগিতা।
নদিয়া, মুর্শিদাবাদ এবং জলপাইগুড়ি এই তিন জেলা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। মঙ্গলবার প্রথম দিনের প্রতিযোগিতায় মুখোমুখি হয় নদীয়া জেলা ক্রীড়া সংস্থা ও মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থা। টসে জিতে নদিয়া প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৩ উইকেটে ২৪৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মুর্শিদাবাদ মাত্র ২১.১ ওভারে ৫০ রানে সকলে আউট হয়ে যান। অর্থাৎ ১৯৬ রানে জয়ী হয় নদীয়া। এদিন খেলা শুরুতেই জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও তার প্রাক্তন খেলোয়াড়েরা খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
পাশাপাশি এদিন খেলা শুরুর আগে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় একটি বোলিং মেশিনের। মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান বোলিং মেশিনে বল ছুড়ে বোলিং মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
একথা বলার অপেক্ষা রাখে না,মালদা জেলায় খেলার মানকে আরো উন্নত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বিগত কয়েক বছর ধরে কৃষ্ণেন্দু বাবুর প্রচেষ্টায় জেলার বহু প্রতিভাবান খেলোয়াড়রা রাজ্য, দেশ এবং বিদেশের মাটিতেও জেলার নাম উজ্জ্বল করেছে। পুরুষ ও মহিলা ক্রিকেটারদের আধুনিক প্রযুক্তিতে কোচিং করাবার জন্য সিএবির কাছে বোলিং মেশিনের আবেদন করা হয়েছিল মালদা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। জেলার আবেদনে সাড়া দিয়ে সিএবির পক্ষ থেকে এই বোলিং মেশিন দেওয়া হয় জেলা ক্রীড়া সংস্থাকে। সেই বোলিং মেশিনের উদ্বোধন হল। এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, সিএবির উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনূর্ধ্ব ১৮ সাব জুনিয়র মহিলা ক্রিকেট দলের প্রতিযোগিতা শুরু হল। তিনি বলেন, কয়েকদিন আগে এখানে সৌরভ গাঙ্গুলী এসেছিলেন এখানে ঝুলন গোস্বামী ও রিচা ঘোষ ও এসছিলেন এই জেলায়।
আগামী দিনে যাতে মালদা থেকে ঝুলন গোস্বামী, রিচা ঘোষ, ঋদ্ধিমান সাহার মত ক্রিকেটাররা তৈরি হতে পারে সেই উদ্দেশ্যে মালদা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।





