পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর ভোর রাতে হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের দাল্লা মধ্যপাড়া এলাকায় কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হবিবপুর থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযান চালায় এবং চারজনকে গ্রেফতার করে।
অন্যদিকে, সোমবার আগ্রা–হরিশ্চন্দ্রপুর এলাকার সীমান্তে বিএসএফের ৮৮ নম্বর ব্যাটেলিয়ান আরও একজন বাংলাদেশি নাগরিককে আটক করে। পরে ওই ব্যক্তিকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সব মিলিয়ে মোট পাঁচজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
নতুন করে উত্তাল পদ্মাপার, সংখ্যালঘু নির্যাতনের পরিসংখ্যান প্রকাশ করল ঢাকা
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতদের নাম
ভীম রায়
রতন রায়
শিপন রায়
দুর্জয় মণ্ডল
এই চারজনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাবাড়ি থানার অন্তর্গত এলাকায়। অন্য ধৃত ব্যক্তি মোহাম্মদ আজহার আলী, তাঁরও বাড়ি বাংলাদেশে বলে পুলিশ নিশ্চিত করেছে।
মঙ্গলবার ধৃত পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। কী উদ্দেশ্যে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল, এর সঙ্গে কোনও পাচারচক্র বা বেআইনি কার্যকলাপ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখছে হবিবপুর থানা পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি মালদা জেলায় একের পর এক অনুপ্রবেশ ও বেআইনি কার্যকলাপের ঘটনা সামনে আসায় সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে।





