Newsbazar24::গোটা রাজ্যের সাথে মালদহ জেলা জুড়ে চলছে নির্বাচক তালিকার নিবিড় সংশোধন কর্মসূচি।
এই কর্মসূচি চলাকালীন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা বড় সমস্যায় পড়েছেন।-তাঁরা হাজার হাজার ভোটারের খোঁজ পাচ্ছেন না। এমনই এক উল্লেখযোগ্য ঘটনা প্রকাশ্যে এসেছে মালদহ জেলায়।
বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। জানা গেছে মালদহে ভোটার তালিকায় মোট ৭ হাজার ১৭১ জন ভোটারের কোন হদিস নেই এছাড়াও জেলা জুড়ে ৫ হাজার ৫৭২ জন মৃত ব্যক্তির নাম তালিকায় রয়ে গিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের যে প্রতিনিধি দল মালদা এসেছিলেন তাদের সাথে বৈঠকের পথ এ ব্যাপারটি সামনে এসেছে।
জানা গেছে মালদহ জেলার ১২টি বিধানসভা এলাকায় ৭ হাজার ১৭১ জন ভোটারের খোঁজ মেলেনি। তাঁদের নামে এনুমারেশন ফর্ম বিলি করা সম্ভব হয়নি। ইংরেজবাজার বিধানসভা এলাকায় সবচেয়ে বেশি ভোটারের হদিশ মিলছে না। সংখ্যাটা ১১৭৩। তারপরেই রয়েছে সুজাপুর বিধানসভা এলাকা। সুজাপুরে ৯৯৬ জনের খোঁজ মেলেনি। রতুয়ায় ৯৪৪ জনকে পাওয়া যায়নি। মানিকচকে ৮৩০ জন এবং বৈষ্ণবনগর কেন্দ্রে ৭৮৬ জনকে ফর্ম দেওয়া সম্ভব হয়নি।
শুধু তাই নয়, মালদহ জেলায় মৃত ভোটারের সংখ্যাটা দেখেও উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। ১২টি বিধানসভা কেন্দ্রে মোট ৫৫৭২ জন মৃত ভোটারের হদিশ মিলেছে। ২০২৫ সালের ভোটার তালিকায় নাম রয়ে গিয়েছে ওই মৃত ব্যক্তিদের। সূত্রের খবর, মৃত ভোটারের ক্ষেত্রেও জেলায় শীর্ষে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র। মারা যাওয়ার পর এই কেন্দ্রে নাম রয়ে গিয়েছে ১০১৭ জনের। সুজাপুর কেন্দ্রে ৮২২ জন, রতুয়ায় ৬৮২ জন, মানিকচকে ৬৪১ জন, মালদহ বিধানসভায় ৬১৯ জন এবং বৈষ্ণবনগরে ৫৯৪ জন মৃত ব্যক্তির হদিশ মিলেছে তালিকায়।
নির্বাচন কমিশন ইতিমধ্যেই সমস্ত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নির্দেশ জারি করেছে।





