Newsbazar24: মালদহে ফের বোমা বিস্ফোরণ। জমিতে ঘাস কাটার সময় আচমকায় বোমা বিস্ফোরণে গুরুতর জখম হল দুই নাবালক।। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার রতুয়া থানার চাঁদমুনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে। গুরুতর আহত অবস্থায় দুই নাবালককে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আঘাত গুরুতর থাকায় দু’জনকে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত নাবালকরা হলেন, সামির আক্তার (১৩) ও মোঃ ইমতিয়াজ (৯)। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন এই দুই নাবালক।তখনই জোরালো বোমা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন দুই নাবালক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কি কারনে বোমা এলাকায় মজুত করেছিল কিছুই বুঝে উঠতে পারছে না এলাকাবাসী। খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। তবে কি কারনে বোমা মজুত করে রাখা হয়েছিল ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
আহত শামীমের দাদু আব্দুল ওহাব জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিন ওরা দুজন মিলে ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিল। জমিতে পড়ে থাকা বোমাতে কোনভাবে হাত পড়ে তখনই বিকট শব্দে বিস্ফোরণ হয় একজনের ডান হাতের কবজি উড়ে গিয়েছে। অপরজনের মুখে, মাথায়, চোখে আঘাত লেগেছে।
বিষয়টি জানতে পেরে মন্ত্রী তাজমহল হোসেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান।
তিনি জানান,দ্রুত যাতে দুষ্কৃতীদের গ্রেফতার করা হয় , সেজন্য রতুয়া থানার পুলিশকে বলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।



