Newsbazar24 :গত শনিবার মানিকচক থেকে মালদহের উদ্দেশে যাওয়ার সময় মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার অভিযোগ করেন খোদ বিধায়ক। এ বিষয়ে পুলিশের অভিযোগ জানিয়েছিলেন তিনি তার অভিযোগ ছিল তাকে মেরে ফেলা চক্রান্ত করা হচ্ছে।
সূত্রের খবর, বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার চেষ্টার অভিযোগে পুলিশ একটি গাড়িকে আটক করেছে। ওই গাড়ির মালিকের নাম মহম্মদ সানিজ আক্তার। তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। তাকে ইতিমধ্যে একাধিকবার মানিকচক থানায় ডেকে পাঠিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইল এবং গাড়ি।
সূত্রে জানা যায়, যে সন্দেহজনক গাড়িটি বিধায়কের গাড়িকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল তখন কোনওরকমে ওই গাড়ির নম্বর প্লেটের শেষ চারটি নম্বর দেখতে পেয়েছিলেন বিধায়ক। সেই শেষ চারটি নম্বর তিনি বলেছিলেন পুলিশকে। পুলিশও সেই নম্বরের সূত্র ধরে তদন্তে নামে। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই বৈষ্ণবনগর থানা এলাকার সানিজের নাম উঠে আসে।
কিন্তু যাকে ডেকে পুলিশ জেরা করছে সেই সানিজ আক্তার অবশ্য বিধায়কের গাড়ির উপর হামলার চেষ্টার ঘটনায় তার যোগ নেই বলে বার বার দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তিনি পেশায় ব্যবসায়ী। গতি শনিবার রাতে তিনি যে মানিকচকের রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছিলেন সেটা তিনি নিজেও স্বীকার করেছেন। তবে তিনি জানিয়েছেন ব্যবসার প্রয়োজনে তাঁকে মানিকচকে আসতে হয়। সেক্ষেত্রে তিনি শনিবারও এসেছিলেন। পরে তিনি এক আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। কিন্তু বিধায়কের গাড়িতে হামলার ঘটনার সঙ্গে তার কোনও যোগ নেই। তবে তদন্তে পুলিশকে সবরকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
বিধায়ক সাবিত্রী মিত্র এ বিষয়ে জানান, “পুলিশের তদন্তে একটি গাড়ি ধরা পড়েছে। এক জনকে ধরা হয়েছে। তিনি আরও জানান, তিনি গাড়ির যে নম্বরটি পুলিশকে দিয়েছিলেন , সেই সূত্র ধরেই গাড়িটিকে ধরে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



