Newsbazar24:২০২৬ এর মাধ্যমিক পরীক্ষাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো মালদহ শহরের উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয়ে।
বৃহস্পতিবার মালদহ জেলা সফরে এসে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার সংশোধিত নিয়মাবলি নিয়ে দুটি পর্যায়ে বৈঠক করেন। তিনি জানান, গত বছর নন-পার্টিসিপেটিং স্কুল থেকে আসা শিক্ষকদের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে, অঙ্ক পরীক্ষার দিন সেই বিষয়ের শিক্ষককেই পরিদর্শক হিসেবে ডিউটি দেওয়া হয়েছে। এবার থেকে এটি সম্পূর্ণ নিষিদ্ধ করা হল। এই মর্মে বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে।
ষতবে, নতুন এই নিয়ম নিয়ে শিক্ষকদের একাংশের মধ্যে কিছু সমস্যার আশঙ্কাও উঠে আসছে। তাঁদের মতে, অনেক ছোট স্কুলে প্রতিটি বিষয়ের জন্য আলাদা শিক্ষক থাকেন না। যেমন, পদার্থবিদ্যার শিক্ষককে অনেক সময় অঙ্কের ক্লাস নিতে হয়। সেক্ষেত্রে পরিদর্শক নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত বাছবিচার করলে শিক্ষকের অভাব দেখা দিতে পারে।
মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পর্ষদ সভাপতি এদিন দিনভর একাধিক বৈঠক করেন। প্রথমে মালদহ জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসক, পুলিশ এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়। দুপুরে ইংলিশবাজার শহরের বাঁশবাড়ি উমেশচন্দ্র বাস্তুহারা স্কুলে আরেকটি বৈঠক করেন তিনি।
রামানুজ গঙ্গোপাধ্যায় আরও জানান, এবছর মালদহ জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় আট হাজার বেশি। দুটি কেন্দ্র কমিয়ে এবার জেলায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১২০ করা হয়েছে। এর মধ্যে ১৯টি সেন্টার এবং ১০১টি ভেন্যু রয়েছে। ১৯ জন সেন্টার সেক্রেটারি ও ১০১ জন ভেন্যু সুপারভাইজারকে নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। পর্ষদ সূত্রে খবর, পড়ুয়ারা যাতে দ্রুত টেস্ট পেপার হাতে পায়, তার জন্য এবার সরাসরি স্কুলের হাতেই তা তুলে দেওয়া হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই টেস্ট পেপার পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
ডিউটি সংক্রান্ত বিষয়ে এবারে পর্ষদের নির্দেশ, যে বিষয়ের পরীক্ষা হবে, সেই বিষয়ের শিক্ষক-শিক্ষিকারা আর পরিদর্শক (ইনভিজিলেটর) হিসেবে ডিউটি করতে পারবেন না। এমনকি ‘নন-পার্টিসিপেটিং’ স্কুলের ক্ষেত্রেও এই একই নিয়ম কঠোরভাবে মেনে চলার জন্য রাজ্যের সমস্ত জেলার বিদ্যালয় পরিদর্শকদের (ডিআই) নির্দেশ দিয়েছে পর্ষদ।





