Newsbazar24 Desk: কলকাতার টলিপাড়া ও রবীন্দ্র সদন চত্বরে মহানায়ক উত্তম কুমারের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান ও পদযাত্রা। এদিন টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রী মহানায়কের মূর্তিতে মাল্যদান করার আগে রঞ্জিত মল্লিককে হাত ধরে নিয়ে আসেন তিনি তাকে দিয়েই প্রথম মাল্যদান করান। তারপর নিজে মাল্যদান করেন। এছাড়াও মাল্যদান করেন দেব, জিৎ, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, রঞ্জিত মল্লিক-সহ টলিউডের তারকারা।
উপস্থিত টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা এদিন এক অনন্য ঘটনা সাক্ষী থাকলেন। মুখ্যমন্ত্রী তার জন্য নির্দিষ্ট চেয়ারে না বসে মঞ্চের সাধারণ চেয়ারে বসেন, যা তার এক অনন্য বিনয় ও সমতার দৃষ্টান্ত ।
মহানায়কের মূর্তিতে মাল্যদানের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ বাংলা তথা গোটা দেশের জন্য অত্যন্ত গর্বের দিন। মহানায়ক উত্তম কুমার বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর অনবদ্য শিল্পসৃষ্টি আজও কোটি কোটি মানুষের হৃদয়ে অমলিন হয়ে রয়েছে।’ উত্তম কুমারের মতো কিংবদন্তি শিল্পী সম্পর্কে নতুন করে কোনও মূল্যায়নের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, মহানায়কের জন্মশতবর্ষকে বিশেষভাবে স্মরণ করে রাখার জন্য রাজ্য সরকার একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। শুধু চার দিনের অনুষ্ঠানেই সীমাবদ্ধ না থেকে বছরভর মহানায়ককে কেন্দ্র করে নানা আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর—টানা চার দিন ধরে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হচ্ছে বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতাকে। জন্মদিনের সকালে আহিরীটোলায় মহানায়কের জন্মস্থান এবং টালিগঞ্জে তাঁর কর্মস্থলে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি বিজলী সিনেমা হলের সামনেও বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে । সন্ধ্যায় নন্দন থেকে বিড়লা প্ল্যানেটোরিয়াম পর্যন্ত পদযাত্রারও আয়োজন করা হয়েছে। এ ছাড়াও, মহানায়কের জন্মশতবর্ষে গোটা বছর ধরে নানা কর্মসূচি চলবে। এর মধ্যেই রয়েছে নিউ টাউনে ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’ তৈরির পরিকল্পনা। এই প্রস্তাবিত চলচ্চিত্রকেন্দ্রে আধুনিক পরিকাঠামোর পাশাপাশি এক হাজার আসনের অডিটোরিয়াম এবং ওপেন-এয়ার থিয়েটার তৈরির পরিকল্পনা রয়েছে।
জন্মশতবর্ষের মঞ্চে মহানায়কের সাথে কাজ করা প্রবীণ শিল্পীদেরও সম্মান জানানো হবে। তালিকায় রয়েছেন সবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে, শকুন্তলা বড়ুয়া এবং মিঠুন চক্রবর্তীর মতো বিশিষ্ট শিল্পীরা।



