Newsbazar24 পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিল গিরিকে হুমকি, তবে বিরোধীদল বিজেপি নয় খোদ শাসকদলেরই তৃণমূল নেতা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। শাসকদলের গোষ্ঠীকোন্দল বলে কটাক্ষ বিজেপির। অস্বস্তিতে শাসকদল। তৃণমূলের জেলা নেতৃত্বের বক্তব্য, বিষয়টি তাঁরা খোঁজ নিয়ে দেখছেন।
জানা গেছে সম্প্রতি তৃণমূলের বিভিন্ন পদে রদবদলের সময় পূর্ব মেদিনীপুরেও শাসকদলে নেতৃত্ব বদল হয়েছে। আর তা নিয়েই সরব হয়েছেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধক্ষ খালেক কাজী। তিনি বলেন, “আমরা ১৯৯৮ সাল থেকে পঞ্চায়েতটা ধরে রেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দল করি। কিন্তু, আমাদের বার্তাটা বোধহয় তাঁদের কানে পৌঁছাচ্ছে না। হাঁটুর নিচের ছেলেদের পদের দায়িত্ব দেওয়া হচ্ছে। আমাদের মতো পোড়খাওয়া মানুষদের কোন দাম নেই নেতৃত্বের কাছে।
তাই, বিধানসভা নির্বাচনের আগে আমরা ভেবেছি, রাজনীতি থেকে অবসর নিয়ে চুপচাপ বসে থাকব।” এরপরই রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরিকে উদ্দেশ্য করে বলেন, “রামনগর বিধানসভার বিধায়ককে দিদি কী রাবার স্ট্যাম্প মেরে দিয়েছেন যে উনি কাউকে কিছু জিজ্ঞাসা করেন না। হাঁটুর নিচের ছেলেদের নিয়ে নাচছেন। যাঁর ভাই বিজেপি করছেন, তিনি ব্লক সভাপতি। সিপিএম পরিবারের ছেলে যুব সভাপতি। অখিল ভাবছেন, তিনি যতদিন বাঁচবেন, রামনগরে দাঁড়াবেন। পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছেন। সব ছাপ্পা ভোট হয়ে যাবে, কোনও নেতৃত্বের প্রয়োজন নেই।” অখিলকে হুঁশিয়ারি দিয়ে খালেক কাজী বলেন, “নিজেকে সামলে নিয়েছি। না হলে সাইজ করে দিতাম। বাঁধিয়া অঞ্চলে কোনও নেতৃত্ব ঢুকতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। আর একবার ঢুকুক, আমি সাইজ করে দেব।” অখিল গিরি ছাব্বিশের নির্বাচনে হারবেন বলেও তিনি মন্তব্য করেন। তাঁকে হুঁশিয়ারি দেওয়া নিয়ে অখিল গিরি মুখ খুলতে চাইলেন না।
তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযুষ পন্ডা বলেন,এ বিষয়ে খোঁজ না নিয়ে কিছু বলতে পারব না। তবে এই নিয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি অসীম মিশ্র বলেন, “ভোট যত এগোচ্ছে, তৃণমূলের আসল চেহারা বাংলা জুড়ে প্রকাশ পাচ্ছে। এসআইআর নিয়ে চারিদিকে বিভিন্নরকম আক্রমণ শুরু করেছে। আসলে দলটা হার্মাদ, উন্মাদ, সমাজবিরোধীদের দ্বারা পরিচালিত। আহলে তৃণমূলকে সমাজবিরোধীদের সিন্ডিকেট বলা ভাল। আর রামনগরে বিধায়ক বলুন কিংবা তৃণমূল কংগ্রেস বলুন, সেখানে কাটমানি তোলা, এলাকা দখলের লড়াই দীর্ঘদিন শুরু হয়েছে। রামনগরের বিধায়ক কী কাজ করেছেন? সেখানকার মানুষের প্রশ্ন।
তিনি যে ছাপ্পা ভোটে জিতেছেন তা তার দলের নেতাই স্বীকার করলেন। তিনি বলেন জেতার জন্য আবারও
ছাপ্পা ভোট করবেন। তৃণমূলের বিধায়ক এলাকায় এলে দেখে নেওয়ার কথা বলছেন সেই দলেরই নেতা। ছাব্বিশের নির্বাচনে রামনগরে তৃণমূল হারবে বলে অসীম মিশ্রের দাবি।






