news bazar24: বাড়িতে বোমা তৈরি করতে গিয়ে ৩ জনের মৃত্যু ঘটনা ঘটলো মুর্শিদাবাদে । ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর-খৈরতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের নাম সাকিরুল ইসলাম (২৮), মামুন শেখ (২৫) ও মুস্তাকিন শেখ (২৬)। নিহত সাকিরুল ও মামুনের বাড়ি খয়েরতলা এলাকায়। মুস্তাফিনের বাড়ি লালকুপ কলোনি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোমা বিস্ফোরণে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে লাদেন শেখ নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। বাকি আহতদের এখনো খুঁজে পাওয়া যায়নি। বিস্ফোরণস্থল থেকে গানপাউডার, সুতলি এবং আরও কিছু বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাকিরুল ইসলাম নামে এক ব্যক্তি সম্প্রতি ধনীরামপুর খৈরতলা এলাকায় নিজের জন্য নতুন বাড়ি তৈরি করেছেন। গতকাল ওই বাড়িতে বসে আরও কয়েকজনকে নিয়ে বোমা তৈরি করছিল সাকিরুল। মধ্যরাতের পর হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। এরপর স্থানীয় বাসিন্দারা ওই বাড়িতে গিয়ে দেখেন বাড়ির ভেতরে বেশ কয়েকজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। বোমা বিস্ফোরণের আঘাতে সাকিরুলের নির্মাণাধীন বাড়ির একটি বড় অংশ ধসে পড়ে।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, নিহত সাকিরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় ফেনসিডিলের ব্যবসা করে আসছিলেন। সাকিরুল আরও কয়েকজনের সঙ্গে অবৈধভাবে এই কাশির সিরাপ বাংলাদেশে পাচারের সঙ্গে জড়িত। সম্প্রতি এ ব্যবসা নিয়ে সাকিরুলের সঙ্গে স্থানীয় কয়েকজনের মধ্যে বিরোধ শুরু হয়। অভিযোগ, ওই গোষ্ঠীর লোকদের শায়েস্তা করতে সাকিরুল তার নির্মাণাধীন বাড়িতে বোমা তৈরি করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তিনজনের বিরুদ্ধে এনডিপিএস মামলাসহ আরও অনেক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই তিনজন সম্প্রতি বিভিন্ন মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পায়। পুলিশ সন্দেহ করছে, ওই ব্যক্তিরা এলাকা দখল করতে বোমা তৈরি করছিল।





