Newsbazar24:ফের মালদায় শুট আউট। গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন তার পরিবারের আরও দুই সদস্য। তাঁদের বন্দুকের বাঁট দিয়ে মারা হয় বলে অভিযোগ।
মঙ্গলবার বেলা পৌনে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার নওদা যদুপুর অঞ্চলের কাশিমনগর নিচুপাড়া এলাকায়। জানা গেছে, গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম জামাল উদ্দিন সেখ। এছাড়াও তার পরিবারের আহত দুই সদস্যের নাম সামিম সেখ ও সাদ্দাম সেখ। তারা বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় অভিযুক্তরা হল বাবর আলি ও তার ছেলে হেদায়েত আলি। বর্তমানে দুজনেই পলাতক। জানা গেছে, গত দুদিন আগে গ্রামে ক্রিকেট খেলা নিয়ে গন্ডগোল হয়। যা নিয়ে গতকাল গ্রামে সালিশি বসে। কিন্তু সালিশিতে কোন সমাধান সূত্র বের হয়নি।
সেখানেও খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তার জেরেই মঙ্গলবার এভাবে গুলি চলেছে বলে অভিযোগ। জামালুদ্দিন শেখ এলাকার জলের বোতল বিক্রি করেন বলে জানা গিয়েছে।
মঙ্গলবার তিনি বাড়ি থেকে বেরনোর পর খুব কাছ থেকে জামালুদ্দিনকে গুলি করা হয় বলে অভিযোগ।
গুলি লাগে তার পিঠে। তাকে বাঁচাতে এসে তার ছেলে সামিম সেখ এবং ভাতিজা সাদ্দাম ছুটে এলে তাদেরকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
গুলি চালনা এবং মারধর করার অভিযোগ ওঠে বাবর আলি ও তার ছেলে হেদায়েত আলির বিরুদ্ধে। ঘটনায়
এলাকায় আতঙ্কের ছায়া। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত চলছে।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা খবর পেয়েছি কালিয়াচকে গুলি চালানোর ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত সেখানে পৌঁছেছে এবং তদন্ত চলছে। যে বা যারা এই গুলি চালানোর পেছনে রয়েছে। তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হবে।





