Newsbazar24:: আবারও বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে জনসভা করবেন নরেন্দ্র মোদী। পাশাপাশি একগুচ্ছ সরকারি প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। বিদ্যুৎ, রেল, সড়ক ও প্রাকৃতিক গ্যাস প্রকল্পে ৫ হাজার ৪০০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধনের কথা ঘোষণা করা হয়েছে।
রাজ্যের শাসক দলের একুশে জুলাই এর শহীদ দিবসের আগে প্রধানমন্ত্রী ঘোষনার দিকে তাকিয়ে আপামোর রাজ্যবাসী। জানা গিয়েছে, তেল, গ্যাস, বিদ্যুৎ, সড়ক ও রেল-সহ বিভিন্ন খাতে উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে, ১ হাজার ৯৫০ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দে বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতেই ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি।
প্রধানমন্ত্রী উর্জ যোজনার আওতায় দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিলোমিটার প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও, এই প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন পূর্ব বর্ধমান, হুগলি ও নদিয়া জেলার মধ্যে দিয়ে গিয়েছে, যাতে খরচ পড়েছে বাড়তি ১ হাজার ১৯০ কোটি টাকা।
দুর্গাপুর ও রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনে পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের জন্য বিশেষ সিস্টেম সংযোজনের প্রকল্পের শিলান্য়াস করবেন মোদী। যার আনুমানিক খরচ প্রায় ১ হাজা ৪৫৭ কোটি টাকা।
এমনকি, রেল উন্নয়ন খাতেও বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। জানা গিয়েছে, ৩৯০ কোটি টাকা ব্যয়ে পুরুলিয়া-কোটশিলা ৩৬ কিলোমিটার দীর্ঘ রেললাইন প্রকল্পটির শিলান্যাস করবেন । এই প্রকল্পটি জামশেদপুর, বোকারো ও ধানবাদের শিল্পাঞ্চলের সঙ্গে রাঁচি ও কলকাতাকে যুক্ত করবে।
প্রধানমন্ত্রী শুক্রবার দুপুরে অন্ডাল বিমানবন্দরে নেমে সড়ক পথে দুর্গাপুরে আসবেন প্রধানমন্ত্রী। দুর্গাপুরে প্রবেশদ্বার গান্ধীমোড় থেকে নেহরু স্টেডিয়াম পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তায় রোড শো করার কথা রয়েছে। সেই ভাবে প্রস্তুতি নিচ্ছেন বিজেপি নেতৃত্ব। এই রাস্তায় ডিভাইডারে প্রধানমন্ত্রীর কাটআউট ও বিজেপির পতাকা লাগানো হয়েছে। এই রাস্তায় দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় থেকে স্টেডিয়াম পর্যন্ত রাস্তার ধারে বাঁশের ব্যারিকেড করা হয়েছে। নেহেরু স্টেডিয়ামেই একাধারে সরকারি কর্মসূচি, অন্যদিকে রাজনৈতিক সভায় অংশ নেবেন তিনি।






