Newsbazar24:রাজ্যে এসআইআর শুরুর হওয়ার পরে এই প্রথম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় আসছেন। আগামী শনিবার ২০শে ডিসেম্বর তিনি পশ্চিমবঙ্গে আসছেন
রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রীর বিমান কলকাতা বিমানবন্দরে নামবে। সেখান থেকে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী পৌঁছোবেন তাহেরপুর। সকাল ১০টা ৩৫ নাগাদ তাহেরপুরে পৌঁছোনোর কথা মোদীর। তবে সময় সারণিতে কিছু পরিবর্তনও হতে পারে। প্রধানমন্ত্রীর সফরের আগের দিনই তা চূড়ান্ত জানানো হবে বলে জানা গিয়েছে।
এবারে তিনি আসছেন মতুয়া প্রধান এলাকায়। স্বাভাবিকভাবেই মতুয়া সম্প্রদায়ের মধ্যে এসআইআর-এর জেরে শরণার্থী হিসাবে বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয় নেওয়া মতুয়াদের কি আশার বাণী শোনান সেদিকে সকলের নজর থাকবে।
প্রসঙ্গত, গত অগাস্টে পশ্চিমবঙ্গ সফরে মেট্রোপথের সম্প্রসারণ ঘটিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার মোদীর কর্মসূচিতে জাতীয় সড়ক সম্প্রসারণ ও রয়েছে।
চলতি বছরে আলিপুরদুয়ার, দুর্গাপুর এবং দমদমে প্রথমে করেছেন প্রশাসনিক সভা, তার পরে রাজনৈতিক। তাহেরপুরের কর্মসূচিও সে ভাবেই সাজানো হয়েছে। বিজেপি সূত্রের খবর, ১২ নম্বর জাতীয় সড়কে কৃষ্ণনগর থেকে জাগুলিয়া পর্যন্ত যে সম্প্রসারণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, শনিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মোদী। সেই সঙ্গে ওই জাতীয় সড়কেরই জাগুলিয়া-বারাসত অংশের সম্প্রসারণ প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করবেন। যে অংশের সম্প্রসারণের কাজ শেষ হয়েছে, সেই অংশে ১১০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রের খবর।
যে অংশের সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে, সেখানে আরও ১৫০০ কোটি টাকার মতো খরচ হতে পারে বলে ধরা হয়েছে। ১২ নম্বর জাতীয় সড়ক আগের চেয়ে চওড়া হওয়ায় উত্তরবঙ্গের যে কোনও অংশ থেকে সড়কপথে কলকাতা আসা আগের চেয়ে মসৃণ হয়েছে। জাগুলিয়া থেকে বারাসত বা বিমানবন্দর এলাকা পর্যন্ত রাস্তা চওড়া হয়ে গেলে এই যাতায়াত আরও মসৃণ হবে।
প্রশাসনিক সভা শেষে তিনি রাজনৈতিক সভায় যাবেন নদীয়ার তাহেরপুরে একটি সভা করবেন তিনি। আর সেই সভা ঘিরেই রীতিমত উন্মাদনা তৈরি হয়েছে বিজেপি নেতা কর্মীদের মধ্যে। সভায় জনসাধারণের উপস্থিতির জন্য বড় মাপের ব্যবস্থা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। কোথাও যাতে কর্মীদের বা সভায় আগত মানুষদের অসুবিধা না হয়, তার জন্য প্রতিমুহূর্তে নজর রাখা হচ্ছে। রীতিমত ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সভাস্থল। সব মিলিয়ে ২৬ এর বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর ঘিরে রীতিমত উন্মাদনা এবং উচ্ছ্বাস তৈরি হয়েছে বঙ্গ বিজেপির নেতা কর্মীদের মধ্যে।



