Newsbazar24 :বাংলায় তৈরি হতে চলেছে আরও এক ইতিহাস। দেশের মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন ছুটবে বাংলায়। এই ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিধানসভা ভোটের মুখে এই উদ্যোগ বাংলার জন্য বড় উপহার বলে মনে করা হচ্ছে। আর এই রাজ্যে দাঁড়িয়েই একসঙ্গে দুই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একদিকে ট্রেনটি যাবে অসমের গুয়াহাটি অন্যদিকে আরো একটি ট্রেন যাবে হাওড়ার উদ্দেশ্যে। বন্দে ভারতের এই স্লিপার ট্রেনের জন্য যাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অন্যান্য ট্রেনের তুলনায় অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে এই ট্রেনে চেপে। ভিতরে থাকছে অত্যাধুনিক ব্যবস্থা।
আগামী ১৭ জানুয়ারি বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদহের নিত্যানন্দপুরে রয়েছে জনসভা। জনসভার মঞ্চের পাশেই থাকবে সরকারি অনুষ্ঠানের একটি মঞ্চ। সেখান থেকেই প্রধানমন্ত্রী একসঙ্গে দুটি ট্রেনের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
একটি হাওড়াগামী বন্দে ভারত স্লিপার ট্রেন ও অন্যটি কামাখ্যা। অনুষ্ঠানের আগে সাজছে রেল। ইতিমধ্যেই অমৃত ভারত প্রকল্পের আওতায় মালদা টাউন স্টেশনের আমূল পরিবর্তন হয়েছে। চলছে আরও কাজ। আর এবার সেই মালদহ থেকেই রেলের এক ইতিহাস তৈরি হতে চলেছে। এছাড়াও উত্তরবঙ্গের বেশ কয়েকটি স্টেশনের পরিকাঠামো উন্নয়নের ঘোষণার পাশাপাশি দূরপাল্লার অমৃত ভারত এক্সপ্রেস চালু করার কথা প্রধানমন্ত্রীর।
আর একে কেন্দ্র করেই মালদা টাউন স্টেশনে সাজে সাজে রব। চলছে রেল কর্তাদের আনাগোনা।
ইতিমধ্যে নিরাপত্তা, যাত্রী সুরক্ষা ও পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে মালদা টাউন স্টেশনে হাজির হন রেল বোর্ডের চেয়ারম্যান ও সিইও সতীশ কুমার। সাথে ছিলেন মালদা ডিভিশনের ডিআরএম মনিশ গুপ্তা। তিনি বাংলার জন্য ভারতীয় রেলের নববর্ষের উপহার—প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনী রানের প্রস্তুতি স্বচক্ষে পর্যালোচনা করেন।
পরিদর্শন চলাকালীন তিনি মালদা টাউন স্টেশন-এর বিভিন্ন উন্নয়নমূলক কাজও পরীক্ষণ করেন, অমৃত ভারত স্টেশন প্রকল্প-এর অগ্রগতি পর্যালোচনা করেন, সম্পন্ন কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের জন্য কর্মকর্তাদের পরামর্শ প্রদান করেন।
আর এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি। সাধারণ মানুষ খুশি হলেও তৃণমূল এখানে রাজনীতিই দেখছে। তৃণমূল নেতৃত্ব সুরক্ষা ও নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে। এদিকে ট্রেনের উদ্বোধন ও প্রধানমন্ত্রীর সফরকে পুরোপুরি কাজে লাগাতে ময়দানে নেমে পড়েছে বিজেপি। বিজেপির দক্ষিণ মালদার জেলা সাংগঠনিক সভাপতি অজয় গাঙ্গুলী বলেন, আমাদের কাছে খবর আছে সভাস্থলে দুটি মঞ্চ হবে। একটি সরকারি মঞ্চ, এখান থেকেই সবুজ পতাকা নেড়ে বন্দেভারত ক্লিপার ট্রেনের উদ্বোধন করবেন পাশাপাশি বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করবেন।





