Newsbazar24: দলীয় নির্দেশে অবশেষে তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভূতি ঘোষ। এদিন সংশ্লিষ্ট পুরসভার তৃণমূল এবং বিজেপি কাউন্সিলরদের উপস্থিতিতেই মালদা সদর মহকুমা শাসক সুমন মজুমদার নতুন চেয়ারম্যান বিভূতি ঘোষকে শপথ বাক্য পাঠ করান।
যদিও ভাইস চেয়ারম্যান পদে কোন পরিবর্তন হলো না।ভাইস চেয়ারম্যান পদে বহাল থাকলেন ২০নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সফিকুল ইসলাম।
প্রসঙ্গত এরআগে গত ২৫ নভেম্বর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন কার্তিক ঘোষ। মূলত ২০২১ বিধানসভা এবং গত লোকসভা ভোটে পুরাতন মালদা পুরসভা এলাকায় তৃণমূলের ফল খারাপ হওয়ায় পূর্ববর্তী চেয়ারম্যান কার্তিক ঘোষকে সরিয়ে দেওয়া হয়,
এদিন নতুন চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া পৌরসভার এলাকা জুরে পুলিশের কড়া নজরদারি ছিল।
সকালে নির্দিষ্ট সময় মেনে পুরসভার চেয়ারম্যান নির্বাচন বৈঠকে হাজির হন সমস্ত তৃণমূল কাউন্সিলররা। বৈঠক শুরুর ঠিক আগেই তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী দলের নির্দেশ মতো নতুন চেয়ারম্যান হিসেবে বিভূতি ঘোষের নাম ঘোষণা করেন এরপর কাউন্সিলরদের বৈঠকে অন্যান্য কাউন্সিলররা নতুন চেয়ারম্যান হিসেবে বিভূতি ঘোষকে সমর্থন করেন।
এরপর ফুলের মালা পরিয়ে চেয়ারম্যান বিভূতি ঘোষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলের অন্যান্য কাউন্সিলরেরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ।
শপথ গ্রহণ শেষে প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ ক্ষোভ প্রকাশ করে বলেন , ‘জেলা জুড়ে বিগত দিনের লোকসভা নির্বাচনের ফল খারাপ হয়েছিল। বাদ যায়নি ইংরেজবাজার পুরসভাও। অথচ যেন আমাকে পানিশমেন্ট পেতে হল। তবুও আমি দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আগেই চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়েছিলাম। এদিন এই চেয়ারম্যানের শপথ বাক্য অনুষ্ঠানে সমর্থন জানিয়ে নিজে উপস্থিত হয়েছি’।
এই পুরসভা অনেক পিছিয়ে ছিল। বি গ্রেড পুরসভা থেকে এ গ্রেড পুরসভায় উন্নীত করা হয়েছে।
রাস্তাঘাট থেকে সার্বিক উন্নয়ন সবই করেছি। তবুও বলবো দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা মাথায় পেতে নিয়েছি। তবে যেভাবে এদিন চেয়ারম্যান গঠনের পর আতশবাজি ফাটানো হয়েছে এবং আবির খেলা হয়েছে,সেটা দেখে মনে হচ্ছে আমরা যেন নতুন ভাবে বোর্ড দখল করেছি। এল ফলে মানুষের কাছে ভূল বার্তা পৌঁছাবে।
এদিকে চেয়ারম্যান হিসাবে বিভূতি ঘোষ দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ওয়ার্ডের দলীয় কাউন্সিলর ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। তবে প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ সেই মুহূর্তে সভাকক্ষ ছেড়ে চলে যান তিনি। চেয়ারম্যানের শপথ বাক্যের পর নিজের অফিস রুমে এসে বসেন বিভূতি ঘোষ। এরপর পুরসভার বাইরে বেরিয়ে দলীয় কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা বিনিময় করে পুরসভা থেকে থানা পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করেন চেয়ারম্যান।
পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান বিভূতি ঘোষ বলেন, দল যেভাবে আমাকে যোগ্য মর্যাদা দিয়েছে তাতে আমি আরও উন্নয়নমূলক কাজ করতে বদ্ধপরিকর হব। সকলকে একসাথে নিয়ে কাজ করতে হবে। এই পুরসভার কোথায় কি সার্বিক উন্নয়নের কাজ রয়েছে সেসব খোঁজ নিয়ে সমাধান করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তবে এবার নিয়ে আমি চারবারের পুরসভার চেয়ারম্যান হলাম।





