-নিজস্ব সংবাদদাতা | মুর্শিদাবাদ | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
শনিবার সকালে ভোরবেলা এক মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে মুর্শিদাবাদ জেলায়। তাহেরপুর রেলস্টেশনের কাছে রেললাইনের ধার দিয়ে যাওয়ার সময় আচমকাই একটি ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন পাঁচজন। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি দুইজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
যুবভারতীর বিশৃঙ্খলায় আয়োজক শতদ্রু দত্তের বাড়িতে বিধান নগর পুলিশ কমিশনারেটের হানা
মৃতদের মধ্যে দু’জনের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার শাবলদহ গ্রামে এবং একজনের বাড়ি একই থানার মসড্ডা গ্রামে। নিহতরা হলেন মুক্তিপ্রদ সূত্রধর (৫৫), রামপ্রসাদ ঘোষ (৬৫) এবং ভৈরব ঘোষ (৬২)। ভোরের অন্ধকারে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সময় তাঁরা রেললাইনের ধার দিয়েই যাচ্ছিলেন। ঠিক সেই সময় দ্রুতগতির ট্রেন এসে ধাক্কা মারে।
এই মর্মান্তিক ঘটনার খবর পৌঁছাতেই শোকপ্রকাশ করেন রাজ্যের শাসকদলের শীর্ষ নেতৃত্ব। শোকাহত পরিবারগুলির পাশে দাঁড়াতে মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ পেয়ে দ্রুত নিহতদের বাড়িতে পৌঁছান ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম, গোলাম মোর্শেদ-সহ দলের একাধিক স্থানীয় নেতা ও কর্মীরা।
শোকস্তব্ধ পরিবারগুলির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তৃণমূল নেতৃত্ব। তাঁরা পরিবারগুলিকে সান্ত্বনা জানান এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন। তৃণমূল নেতারা স্পষ্টভাবে বলেন, “আমরা আজ এখানে রাজনৈতিক পরিচয়ে নয়, মানুষ হিসেবে এসেছি। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু এই দুঃসময়ে শোকাহত পরিবারগুলির পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।”
মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়ে বড়সড় দুর্ঘটনার কবলে তিন বাইক আরোহী
স্থানীয় তৃণমূল নেতৃত্ব নিহতদের পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাস দেয়। প্রয়োজনে চিকিৎসা, প্রশাসনিক সহায়তা ও অন্যান্য বিষয়ে পাশে থাকার কথাও জানানো হয়। একইসঙ্গে এই দুর্ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে রেল কর্তৃপক্ষের কাছে উপযুক্ত তদন্তের দাবিও উঠেছে।
এই দুর্ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। তিনজনের অকালমৃত্যুতে শাবলদহ ও মসড্ডা গ্রামে নেমে এসেছে গভীর শোক। আহত দু’জনের দ্রুত আরোগ্য কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।





