Newsbazar24:: মালদা জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেমন চলছে এবং প্রস্তুতি ব্যবস্থা খতিয়ে দেখতে মালদহে এলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বুধবার সকালে সার্কিট হাউস থেকে বেরিয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। আজ ছিল
উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষা।এদিন সকাল থেকে মালদহের একাধিক পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন সংসদ সভাপতি। পাশাপাশি পরীক্ষা দিতে আসা উচ্চমাধ্যমিক ছাত্রী এবং অভিভাবকদের সঙ্গেও কথা বলেন তিনি।
এবছর মালদহে ৩২৬৫১ জন পরীক্ষার্থী ১২২ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। ইতিমধ্যে এই জেলায় ৪৫টি পরীক্ষা কেন্দ্র স্পর্শকাতর ঘোষণা করেছে সংসদ। রাজ্যে বিগত দিনে একাধিকবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় টোকাটুকি বা প্রশ্ন পাচারের মতো ঘটনায় অভিযোগ উঠেছে মালদহে। এই পরিস্থিতিতে মালদহে উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষার সময় সংসদ সভাপতির এই পরিদর্শন বিশেষ তাৎপর্যপূর্ণ। যদিও তিনি বলেন এটা কোন বিশেষ ব্যাপার নয়, এটা আমার রুটিন মাফিক পরিদর্শন।
ব্যবস্থাপনা দেখে সন্তুষ্ট সংসদ-সভাপতি। পরিদর্শন শেষে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সমস্ত নির্দেশিকা মেনেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবেই চলছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের কঠোরভাবে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, মালদহের ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা খুবই ভালো। আগামীকাল উত্তর দিনাজপুর সফরে যাবেন বলে জানিয়েছেন সংসদ সভাপতি।



