Newsbazar24 Desk: ছত্তিশগড়ের রায়পুরে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। জীবন্ত দগ্ধ হয়ে কমপক্ষে সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। বিকট শব্দে কেঁপে উঠল ছত্তিশগড়ের কারখানা সংলগ্ন এলাকা
দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের ভাটাপাড়া জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় কারখানায় বহু শ্রমিক উপস্থিত ছিলেন। বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একাধিক শ্রমিক।
পুলিশ আরও জানিয়েছে, ভাটাপাড়ার প্রত্যন্ত অঞ্চলে বাকুলাহি গ্রামে রিয়েল ইস্পাত স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী, দমকলের একাধিক ইঞ্জিন, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। কী কারণে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
বিস্ফোরণের জেরে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে গোটা এলাকা। বিকট শব্দে কেঁপে ওঠে গ্রাম। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। এখনও পর্যন্ত ১০ জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। যাঁদের মধ্যে সাতজন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। তিনজন গুরুতর আহত হয়েছেন। কারখানায় আরও শ্রমিক আটকে আছেন কিনা, তল্লাশি চালিয়ে দেখছে পুলিশ।





