বিভিন্ন সময় হারিয়ে যাওয়া, চুরি যাওয়া মোবাইল উদ্ধারে ফের বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ।
অনেকেই যখন মোবাইল ফিরে পাওয়ার আসা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন তখন জেলা পুলিশের কাছে করা একটা জিডি-র সাহায্যে সেই সমস্ত মোবাইল ফিরে পেলেন তাঁরা। প্রযুক্তি ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে অভিযোগের তদন্তে নেমে জেলার বিভিন্ন থানায় যে সকল হারিয়ে ও চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয় সেই সমস্ত মোবাইল “প্রত্যার্পণ” কর্মসূচির মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মালদা জেলার পুলিশ।
বিভিন্ন নামিদামি কোম্পানীর পাঁচ শতাধিক মোবাইল। উদ্ধার মোবাইলগুলি শনিবার জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে তুলে দেওয়া হল প্রকৃত দাবীদারদের হাতে। এই উপলক্ষে শনিবার দুপুরে মালদা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, ডিএসপি হেড কোয়ার্টার দীপেন তামাং সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন জেলা’ পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির অধীনে উদ্ধার ৫৯৪টি মোবাইলের মধ্যে ৬৬জন প্রকৃত দাবীদারের হাতে আনুষ্ঠানিকভাবে তাদের মোবাইল তুলে দেন এবং বাকি মোবাইলগুলি বিভিন্ন থানা এলাকা থেকে প্রকৃত দাবীদারদের তুলে দেওয়া হবে-এমনটাই জানান জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।





