news bazar24 : বছরের শেষ দিকে ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হলো তামিলনাড়ুকে । ঘূর্ণিঝড় ‘ফেঙ্গল’-এর কারণে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে জানিয়েছে সেই রাজ্যের প্রশাসন।
সর্বভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ফেঙ্গল’। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। রাতভর টানা বৃষ্টিতে তামিলনাড়ুতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি কয়েক ঘণ্টার মধ্যে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।
তীব্র আবহাওয়ার কারণে চেন্নাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনের মধ্যে একজন অভিবাসী শ্রমিক। বৃষ্টিতে এটিএম থেকে টাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
শনিবার চেন্নাই বিমানবন্দর ঘোষণা করেছে যে ঘূর্ণিঝড় ‘ফেঙ্গল’-এর কারণে বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ থাকবে। সন্ধ্যা পর্যন্ত কোনো ফ্লাইট টেক অফ বা অবতরণ করবে না। এদিকে প্রতিকূল আবহাওয়ায় গতকাল রাতেও ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়নি। রবিবার ভোর 4 টা থেকে চেন্নাই বিমানবন্দরে পরিষেবা পুনরায় চালু হয়। তবে এখনও ফ্লাইট পরিচালনায় বিলম্ব হচ্ছে।
প্রবল বৃষ্টির কারণে তামিলনাড়ুর চেন্নাই সহ বেশ কয়েকটি জেলার রাস্তা জলে তলিয়ে গেছে। বেশ কয়েকটি সরকারি হাসপাতালেও জল জমেছে। আবহাওয়া দফতর জানিয়েছে যে সোমবার পর্যন্ত তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।



