Newsbazar24::ইংরেজবাজার শহরের গ্রীন পার্ক এলাকা থেকে সরকারি মুরগির ফার্ম স্থানান্তরিত করার দাবিতে গণস্বাক্ষর অভিযানে নামল মালদা জেলা সিপিআইএম। মূলত তাদের দাবি এই মুরগির ফার্ম থেকে যেভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ছে। প্রসঙ্গত এর আগেও মালদা জেলা সিপিএমের ইংলিশ বাজার শহর কমিটির পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছিল।

শনিবার ইংরেজবাজার শহরের গৌড়রোড তালতলা এলাকায় বিক্ষোভ সভা ও গণস্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি পালন করল । এদিন সন্ধ্যায় সিপিআইএম-এর ইংরেজবাজার শহর এরিয়া কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা শুভজিৎ মিত্র, দোলন চাকী, অনুপম গুণ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে গ্রীণপার্ক এলাকায় সরকারি মুরগি ফার্ম তৈরির জন্য তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পাশাপাশি অবিলম্বে দুর্গন্ধ ও দূষণযুক্ত মুরগি ফার্ম অন্যত্র স্থানান্তরিত করার দাবীতে সোচ্চার হন। এবং এই ইস্যুতে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করতে এই গণস্বাক্ষর অভিযান ও বিক্ষোভ সমাবেশ বলে জানানো হয়েছে সিপিএমের পক্ষ থেকে।






