Newsbazar24: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির উদ্যোগে সমস্ত জেলা জুড়ে ২৯তম বিজ্ঞান অভীক্ষা অনুষ্ঠিত হল বুধবার। জেলার ২৬৫ টি পরীক্ষা কেন্দ্রে এই বিজ্ঞান অভীক্ষা অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে
এবারে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সরকারি ও বেসরকারি ৬৫৪ টি বিদ্যালয়ের প্রায় ৩৭,০০০ ছাত্রছাত্রী বিজ্ঞান অভীক্ষায় অংশগ্রহণ করে। জেলার ১৭ বিজ্ঞান কেন্দ্র এবং ৬ টি বিজ্ঞান সভায় এই অভীক্ষা অনুষ্ঠিত হয়। এর জন্য বিজ্ঞান মঞ্চ মালদা জেলা শাখার পক্ষ থেকে ৮৫৭ জন বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ সংগঠক, শিক্ষক ও পরিদর্শক মন্ডলী এই কাজে নিযুক্ত ছিলেন।
এবছরই প্রথম বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও বিজ্ঞান অভীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা শাখার সম্পাদক মনোরঞ্জন দাস জানিয়েছেন,বুধবার ৫ ই নভেম্বর গোটা জেলা জুরে এই বিজ্ঞান অভীক্ষা অনুষ্ঠিত হয়। জেলায় প্রায় ৩৭ হাজার ছাত্রছাত্রী এই বিজ্ঞান অপেক্ষায় অংশগ্রহণ করেন। সুষ্ঠুভাবেই এই অভীক্ষা অনুষ্ঠিত হয়েছে।এবছরই প্রথম বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও বিজ্ঞান অভীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করে বিজ্ঞানের আলোয় নিয়ে আসা এই অভীক্ষার উদ্দেশ্য বলে তিনি জানান। পাশাপাশি তিনি জেলা জুড়ে বিজ্ঞান অভীক্ষা ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল শ্রেণীর ছাত্র-ছাত্রী , অভিভাবক, শিক্ষক- শিক্ষিকা- শিক্ষাকর্মী , বিজ্ঞান কেন্দ্র স্তরের কর্মকর্তা ও সংগঠনদের অভিনন্দন জানিয়েছেন।
পাশাপাশি এদিন সারা জেলার সাথে রতুয়া-১নং ব্লকেও বিজ্ঞান অভীক্ষা অনুষ্ঠিত হয়। রতুয়া-১নং ব্লকের ৭৮টি স্কুলের প্রায় ৪ হাজার ছাত্রছাত্রী ৩১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রতুয়া ব্লক শাখার কার্যকরি সভাপতি বিধান চন্দ্র প্রামাণিক জানিয়েছেন বিজ্ঞান অভীক্ষায় অংশগ্রহণকারী তৃতীয় থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা ও.এম.আর শিটে সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়েছে।





