Newsbazar24:: ফের সীমান্ত রক্ষী বাহিনীর কড়া নজরদারিতে মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ধরা পড়ল ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী। ঐ পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে এক ভারতীয়কে গ্রেফতার করল সীমান্ত কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মালদার হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের পান্নাপুর বিওপি এলাকায়। জানা গেছে, হবিবপুর থানার পান্নাপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা কাঁটাতার বিহীন উন্মুক্ত অবস্থায় রয়েছে। এই অবস্থার সুযোগ নিয়ে পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবক এক ভারতীয় নাগরিকের সাহায্যে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। যা সীমান্ত টহলরত বিএসএফ-এর ৮৮নং ব্যাটেলিয়নের জওয়ানদের নজরে পড়ে এবং নজরে পড়ার সঙ্গে সঙ্গেই বিএসএফ তাদের ছয়জনকে পাকড়াও করে। পরে তুলে দেয় হবিবপুর থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম যথাক্রমে মহম্মদ কাউসার, মহম্মদ রজব আলি, মহম্মদ আলামিন নবি, মহম্মদ রবিউল আলম এবং রকি সেখ। এছাড়াও অনুপ্রবেশে সাহায্যকারী ধৃত ভারতীয় নাগরিকের নাম রিপন বিশ্বাস। বাড়ি হবিবপুরের পান্নাপুর এলাকায়। মঙ্গলবার ধৃত ছয়জনকেই হবিবপুর থানার পুলিশের পক্ষ থেকে মালদা জেলা আদালতে পেশ করা হয় বলে খবর।
ধৃত বাংলাদেশিদের কে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে
তারা বেশ কিছুদিন আগেই মালদার এই পান্নাপুর সীমান্ত দিয়েই ভারতে প্রবেশ করেছিল। এরপর তারা চেন্নাইতে গিয়ে প্রায় তিন মাস দিনমজুরের কাজ করে। গত সপ্তাহে তারা সেখান থেকে ফিরে এসে রিপনের বাড়িতে আশ্রয় নেয় এবং ফের বাংলাদেশে ফেরার জন্য। কিন্তু পালাবার সময় বিএসএফের হাতে ধরা পড়ে।
এরপর ধৃত রিপন বিশ্বাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে,যে রিপন দীর্ঘদিন ধরেই সীমান্তে চোরাচালান এবং অনুপ্রবেশকারী চক্রের সঙ্গে যুক্ত। সে মোটা টাকার বিনিময়ে বাংলাদেশিদের এপারে নিয়ে আসত তারপর কিছুদিন রেখে তাদের ভিন রাজ্যে শ্রমিকের কাজে পাঠিয়ে দেওয়া হত।





