Newsbazar24:বাংলায় বিধানসভা ভোট আসন্ন। তার আগেই শুরু হয়ে গেছে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর।
প্রথমে এসআইআরের বিরোধিতা করেও নির্বাচন কমিশনের ফতোয়া মানতে বাধ্য হল তৃণমূল কংগ্রেস। এবার তারা নতুন গল্প সাজাচ্ছে বলে অভিযোগ।বর্তমানে বাংলায় যে কেউ মারা গেলেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, এসআইআরের আতঙ্কেই সেই মানুষ প্রাণ হারিয়েছেন। এমনকি সেই সমস্ত মৃতদেহকে সামনে রেখে তৃণমূল রাজনীতি করার চেষ্টা করছে বলেও অভিযোগ বিজেপির।
পাশাপাশি বিজেপির প্রশ্ন এসআইআর তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে লাগু হয়নি, ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও তো এসআইআর হচ্ছে। তাহলে সেখানে কেন মানুষের মৃত্যুর খবর সামনে আসছে না? আর এসআইআরের জন্যই মৃত্যু হচ্ছে, এরকম খবর কেন পাওয়া যাচ্ছে না? তাহলে কি শুধুমাত্র ঘোলা জলে মাছ ধরার জন্যই তৃণমূলের এই মিথ্যাচারের রাজনীতি? এবার সেই বিষয়েই প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত, ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়ায় বিরোধিতায় তৃণমূল মিটিং, মিছিল করছে। এমনকি তারা দাবি করছে যে, বাংলায় ইতিমধ্যেই সাতজনের মত মানুষ মারা গিয়েছে। যারা প্রত্যেকেই এসআইআর আতঙ্কে প্রাণ হারিয়েছেন। তবে তৃণমূলের এই সমস্ত বক্তব্য যে মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়, সেই ব্যাপারে পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে বিজেপি।
বৃহস্পতিবার বোলপুরে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূলকে কটাক্ষ করে বলেন , “এসআইআর তো বিজেপি করাচ্ছে না, এসআইআর করাচ্ছে নির্বাচন কমিশন। প্রথমেই প্রশ্ন উঠছে, ১২ টা রাজ্যে এসআইআর হচ্ছে। সেখানে মানুষজন মারা যাচ্ছে না কেন? এসআইআরের যদি দোষ হতো, তাহলে তো অন্যান্য জায়গাতেও মারা যেত। বিজ্ঞান তো তাই বলে। অক্সিজেন কি মধ্যপ্রদেশে একরকম হয়, বিহারে একরকম হয়, আর পশ্চিমবঙ্গে আর একরকম হয়! উত্তরপ্রদেশে একটি জায়গা আছে, ওখানে অনেকে বাঙালি। সব বাংলাদেশ থেকে আসা। ওখানে তো এরকম কিছু হচ্ছে না।”






