Newsbazar24:ঘরের মাঠে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে তুর্কমেনিস্তানের এফ কে আর্কাদাগের কাছে ১-০তে হেরে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের ১০ মিনিটের মাথায় একমাত্র গোল করেন গুরবানভ। ইস্টবেঙ্গল অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারল না।
আই এস এল এর সুপার সিক্স এ যাওয়ার আশা শেষ হওয়ার পর আশা করা গিয়েছিল এ এফসি কাপে মনোনিবেশ করবে ইস্টবেঙ্গল। কিন্তু সে আশায় ও জলাঞ্জলি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরে আগামী বুধবার ১২ মার্চ অ্যাওয়ে ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। যদিও সেটা খুব কঠিন।
এদিন লাল-হলুদ রক্ষণে আনোয়ার আলির অভাব বারবার বোঝা গেল। লালচুংনুঙ্গা ও হেক্টর ইয়ুস্তে দলকে ভরসা দিতে পারলেন না। হতাশ করলেন রিচার্ড সেলিস। ফের গোল করতে ব্যর্থ গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকস। রাফায়েল মেসি বৌলি অনেক চেষ্টা করলেন বটে, কিন্তু তাঁর পক্ষে গোলমুখ খোলা সম্ভব হল না। ব্যর্থ সল ক্রেসপো। ম্যাচের শেষ দিকে ক্লেইটন সিলভাকে নামিয়েও কোন কাজ হলো না। ডেভিড লালহানসাঙ্গাকে কেন খেলার সুযোগ দেওয়া হল না, তা স্পষ্ট নয়। বিষ্ণু পি ভি-কে অনেক দেরিতে মাঠে নামালেন লাল-হলুদের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। নাওরেম মহেশ সিং ভালো খেললেন, কিন্তু সতীর্থদের কাছ থেকে সেভাবে সাহায্য পেলেন না।
দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে পারবে ইস্টবেঙ্গল?
মরসুমের শুরু থেকেই চোট-আঘাত নিয়ে সমস্যায় রয়েছে ইস্টবেঙ্গল। মরসুমের শেষদিকেও সেই চিত্র বদলাল না। এখন আনোয়ারের চোট নিয়ে সমস্যা তৈরি হয়েছে। আর্কাদাগের বিরুদ্ধে দ্বিতীয় লেগেও খেলতে পারবেন না এই ডিফেন্ডার।



