Newsbazar24 desk:পূর্ব রেলওয়ে মহিলা কল্যাণ সংস্থা (ইআরডব্লিউডব্লিউও),মালদা ডিভিশনের উদ্যোগে আজ মালদার আর.পি. রায় মেমোরিয়াল ব্লাইন্ড স্কুলে এক জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উৎসাহ ও সহায়তা প্রদানের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন বলে জানিয়েছেন ইআরডব্লিউডব্লিউও/মালদার সভানেত্রী শ্রীমতী মনীষা গুপ্ত।
এই অনুষ্ঠানে ইআরডব্লিউডব্লিউও/মালদার সভানেত্রী মনীষা গুপ্তর সাথে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক শিল্পা ভার্মা সহ অন্যান্য সদস্যারা।
এই কর্মসূচিতে মনীষা গুপ্ত সহ সংস্থার অন্যান্য সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি হারমোনিয়াম প্রদান করেন। তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আলোচনায় তাঁদের প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও ইআরডব্লিউডব্লিউও/মালদার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে, যা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। এছাড়াও কল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে খাবারের প্যাকেটও বিতরণ করা হয়।
এ বিষয়ে মনীষা গুপ্ত শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রতিভার ভূয়সী প্রশংসা করে বলেন, ওদের সাথে
সময় কাটাতে পেরে আমরা আনন্দিত। তিনি পুনরায় আশ্বাস দেন যে, শিশুদের কল্যাণ ও সর্বাঙ্গীণ উন্নয়নের লক্ষ্যে ইআরডব্লিউডব্লিউও/মালদা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখবে।





