Newsbazar24::বুধবার ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। এদিন মালদার বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাইস্কুলে পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুন্ধুমার কান্ড । পরীক্ষার্থীদের সাথে শিক্ষকের সংঘর্ষ বেঁধে যায়। পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হয়েছেন সংশ্লিষ্ট স্কুলের ৬ জন শিক্ষক। পরীক্ষা শুরু হবার প্রাক্কালে ওই স্কুলে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এদিকে এদিন মালদায় পরীক্ষার পরিদর্শনে এসেছেন পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য । তিনি অবশ্য এই বিষয় এখনি কোনও মন্তব্য করেন নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবছর চামাগ্রাম হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে কান্দিটোলা হাইমাদ্রাসা, চর সুজাপুর হাই স্কুল এবং পারলালপুর হাই স্কুলের। পরীক্ষাহলে প্রবেশের আগে মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক । সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানান, শুরু হয় তর্ক বিতর্ক। আচমকায় কয়েকজন ছাত্র শিক্ষকের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । পরে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুষ্ঠুভাবেই পরীক্ষা চলেছে বলে জানা গিয়েছে।



